নেপালে ইতিহাস গড়ার দিকে এগিয়ে যাচ্ছেন র্যাপার থেকে রাজনীতিক হয়ে ওঠা বলেন্দ্র শাহ। জেন-জি আন্দোলনে সরকার পতনের পর নেপালের প্রথম সাধারণ নির্বাচনে তিনি নিজেই দেশটির চারবারের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পরাজিত করেছেন। নিজের ঝাপা-৫ নম্বর আসনে বলেন্দ্র শাহের কাছে পরাজিত হয়েছেন ওলি। এর মধ্যদিয়ে নতুন এক রেকর্ড গড়লেন তিনি। ঝাপা-৫ আসনে চারবারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে হারিয়েছেন বলেন্দ্র শাহ। তিনি এই আসনে ১৫,০০০-এর বেশি ভোট পেয়েছেন, যেখানে ওলি পেয়েছেন মাত্র ৩,৩০০ ভোট। পাশাপাশি তার নতুন গঠিত রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি (আরএসপি) ভূমিধস জয়ের পথে রয়েছে। এতে দেশটির রাজনৈতিকভাবে অস্থিতিশীল পরিবেশে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দলগুলোর প্রভাব কমে গেছে। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, এ ফলকে নেপালের সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে নাটকীয় মোড় হিসেবে দেখা হচ্ছে। ৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহর উত্থান কাঠমান্ডুর মেয়র থেকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার পথে। তার এই উত্থান দেশটির প্রচলিত রাজনৈতিক শক্তিগুলোর ওপর বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রাথমিক ও আংশিক ফলাফলে দেখা যাচ্ছে, আরএসপি সরাসরি নির্বাচিত আসনগুলোর উল্লেখযোগ্য সংখ্যায় জিতেছে এবং আরও বহু আসনে এগিয়ে আছে। বার্তা সংস্থা এপি বলেছে, দলটি ১৬৫টি সরাসরি নির্বাচিত আসনের মধ্যে ২৭টি জিতেছে এবং ৯০টিরও বেশি আসনে এগিয়ে ছিল। অন্যদিকে কিছু লাইভ ফলাফলে ৪৫টি জয় ও ৭৪টি আসনে এগিয়ে থাকার কথাও বলা হয়েছে। এতে বোঝা যায়, ভোটগণনা তখনও চলমান। ২০২৫ সালের সেপ্টেম্বরের যুব-নেতৃত্বাধীন আন্দোলনের পর নেপালের প্রথম জাতীয় নির্বাচন এটি। ওই আন্দোলনের পর পুরোনো রাজনৈতিক কাঠামো বড় চাপে পড়ে। এবার তরুণ ভোটার ও পরিবর্তনপন্থি জনমত বলেন্দ্র শাহ ও আরএসপির পক্ষে বড় ঢেউ তৈরি করেছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। ওদিকে আরএসপি’র সভাপতি রবি লামিছানে চিতওয়ান-২ আসনে বড় ব্যবধানে জয়ের কথাও বলা হয়েছে।

Mustafizur Rahman
৩ মাস আগেBe aware of the reasons for the failure of NCP of Bangladesh.