সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ফন্ট সাইজ:

বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দি হাউস- এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। সেইসঙ্গে বিশ্বের যেসব দেশ শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে থাকে, সেসব দেশের সংসদে চর্চার ওপর কথা বলেছি।
তিনি বলেন, আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। বলবেন- এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচক অবস্থা সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেবো।
নতুন সংসদ সদস্যদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নতুন সংসদ সদস্য, তারা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে ভালো শিক্ষাটা পাবেন। একটা বাচ্চা যেমন জন্মগ্রহণের পর সতেজ সংস্কৃতি শিখে, ঠিক সেভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করছি।
নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবেন এই লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান- সালাহউদ্দিন আহমেদ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন