প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের জন্য সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচরণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা করেছে বিএনপি। দু’দিনব্যাপী কর্মশালা গতকাল শেষ হয়েছে। শনিবার ঢাকা জেলাসহ তিন বিভাগের সংসদ সদস্যদের নিয়ে শুরু হয় বিএনপি’র দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন দলটির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নেন। বিকালে সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সংসদ সদস্যরা অংশ নেন। সকালের পর্বে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সিনিয়র নেতা ওসমান ফারুক প্রমুখ।
গত শুক্রবার দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাগণ এবং বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য অংশ নেন।
কর্মশালায় অংশ নেয়া একজন সংসদ সদস্য বলেন, দলীয় সংসদ সদস্যগণ সংসদের বিধি-বিধান, কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতেই মূলত এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী ১২ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে সকাল ১১টায়। গত ২৩শে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি’র নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই নতুন সদস্য।
সংসদীয় কার্যক্রম বিষয়ে দলীয় এমপিদের নিয়ে বিএনপি’র কর্মশালা
স্টাফ রিপোর্টার
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
