মোহামেডানকে হারিয়ে কিংসের ঘাড়ে নিঃশ্বাস ফর্টিসের

মোহামেডানকে হারিয়ে কিংসের ঘাড়ে নিঃশ্বাস ফর্টিসের

ফন্ট সাইজ:

সাফ হার দিয়ে বাংলাদেশ ফুটবল লীগের (বিএফএল) দ্বিতীয় পর্ব শুরু করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফর্টিস এফসির কাছে ২-১ গোলে পরাজিত হয় সাদা-কালো জার্সিধারীরা। ফর্টিসের জয়ের নায়ক গাম্বিয়ান মিডফিল্ডার ইসা জ্যালো। তার জোড়া গোলে কপাল পুড়ে মোহামেডানের। সাদা-কালোদের হয়ে একটি গোল শোধ দেন মোজাফফার মুজাফফারভ। ১০ ম্যাচে ৬ জয় ৩ ড্র ও ১ হারে ২১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দুইয়ে আছে ফর্টিস। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে বসুন্ধরা কিংস।
ম্যাচের শুরু থেকেই মোহামেডানের রক্ষণে ভীতি ছড়াতে থাকে ফর্টিস। ২০ মিনিটের মাথায় কাঙ্‌ক্িষত গোলের দেখা পায় তারা। ফরহাদের লং পাস থেকে জ্যালো জালের ঠিকানা খুঁজে নিলে ১-০ তে এগিয়ে যায় ফর্টিস। গোল হজম করে প্রথমার্ধে মোহামেডান পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ফর্টিসের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। মোহামেডানের ওকাফর ও হাসান শান্তরা হলুদ কার্ড দেখে চাপে পড়ে যান। বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া মোহামেডান আক্রমণের তীব্রতা বাড়ালে পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে ফর্টিস। ৫২ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন সেই জ্যালো। ২-০ তে পিছিয়ে পড়ে দিশেহারা মোহামেডান গোল পরিশোধে একের পর এক পরিবর্তন আনে। জুয়েল ও আবিদিন দিপুদের নামিয়ে আক্রমণে গতি বাড়ান হেডকোচ আলফাজ আহমেদ। ম্যাচের ৬২ মিনিটের মাথায় বক্সের ভেতরে সেমুয়েল বুয়েটেং এর হেড সায়েদ নিঝুম জুম্মানের হাতে লাগে। ফর্টিসের এই মিডফিল্ডার রেফারির সঙ্গে তর্কে জড়ালে লাল কার্ড দেখেন। ১০ জনের দলে পরিণত হয় ফর্টিস। আর পেনাল্টি পায় মোহামেডান। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ২-১ এ কমিয়ে আনেন মুজাফফারভ। লীগের এই মৌসুমে এটি তার প্রথম গোল। এই গোলের পর ম্যাচে ফেরার দারুণ সম্ভাবনা তৈরি করে সাদা-কালো শিবির। শেষ ৩০ মিনিট মোহামেডান ৫৮ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নিলেও ফর্টিসের গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় গোল পাওয়া হয়নি। ম্যাচের শেষ দিকে ফর্টিসের জ্যালো এবং মোহামেডানের আসিফ ও মিতু চৌধুরী হলুদ কার্ড দেখেন। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে (৯০+৬) জয়ের নায়ক জ্যালো আবারও হলুদ কার্ড দেখেন। তবে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ফর্টিস। এই হারের ফলে পয়েন্ট তালিকায় বেশ পিছিয়ে পড়লো মোহামেডান। প্রথম পর্বে এই ফর্টিসের কাছে ২-০ গোলে হারে সাদা-কালোরা। এ হারে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে নেমে গেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন