মার্ক কক্সই অনূর্ধ্ব-২০ দলের ‘হেড কোচ’

ফন্ট সাইজ:

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু হতে এখনো দুই সপ্তাহ বাকি। তবে মাঠের লড়াই শুরুর আগে বাংলাদেশের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। দলের প্রধান কোচ হিসেবে কে থাকবেন? ইংলিশ কোচ মার্ক কক্স নাকি দেশি কোচ গোলাম রব্বানী ছোটন? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন বক্তব্যে তৈরি হওয়া এই বিভ্রান্তি কাটলো বাফুফে’র এক আনুষ্ঠানিক বার্তায়। ঘটনার সূত্রপাত বাফুফে’র দুই সহসভাপতির দুই রকম বক্তব্য থেকে। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছিলেন, এক মাসের চুক্তিতে মার্ক কক্সকে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহসভাপতি নাসের শাহরিয়ার আল জাহেদী দাবি করেন, কক্সকে মূলত পরামর্শক হিসেবে আনা হয়েছে এবং ডাগআউটে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন গোলাম রব্বানী ছোটন। শীর্ষ দুই কর্মকর্তার এমন বিপরীতমুখী অবস্থানে বিভ্রান্তিতে পড়েন ফুটবল সংশ্লিষ্টরা।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল বাফুফে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে। সেখানে বলা হয়, ‘মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আগে প্রধান কোচ হিসেবে ইংলিশ কোচ মার্ক কক্স যোগ দেয়ায় নিজেদের কোচিং প্যানেল আরো শক্তিশালী করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।’ আগামী ২৩ মার্চ থেকে মালদ্বীপে শুরু হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। সাত দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে।
যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন