রমজানের প্রভাবে দিনে ফাঁকা ইফতারের পর জমছে বইমেলা

রমজানের প্রভাবে দিনে ফাঁকা ইফতারের পর জমছে বইমেলা

ফন্ট সাইজ:

রমজানের প্রভাব স্পষ্টভাবে পড়েছে এবারের অমর একুশে বইমেলায়। রোজার ক্লান্তি ও দিনের গরমের কারণে দুপুরে পাঠক ও দর্শনার্থীর উপস্থিতি কম থাকছে। তবে ইফতারের পর বাড়ছে মানুষের আনাগোনা, তখনই জমে উঠছে বই বিক্রি।
সরজমিন দেখা যায়, বেলা ২টা থেকে মেলা শুরু হলেও শুরুতে তেমন পাঠক বা দর্শনার্থীর উপস্থিতি দেখা যায় না। অধিকাংশ স্টলে বিক্রেতারা অপেক্ষায় বসে থাকেন। দিনের তীব্র গরম ও রোজার ক্লান্তির কারণেই এসময়টায় পাঠকের উপস্থিতি কম বলে জানান সংশ্লিষ্টরা। তবে ইফতারের পর পরিস্থিতি বদলে যায় কিছুটা। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে বইমেলায় মানুষের ভিড় বাড়তে শুরু করে। বিক্রেতাদের মতে, এই সময়েই মেলায় বেচাকেনার বড় অংশ সম্পন্ন হয়।
আদি প্রকাশনীর স্টলে থাকা আসিফ বলেন, রোজা রেখে দিনের বেলা অনেকেই মেলায় আসতে চান না। তাছাড়া গরমও প্রতিদিন বাড়ছে। তবে সন্ধ্যার পর মানুষ আসতে শুরু করে এবং তখনই মূলত বিক্রি হয়। সুকন পাবলিকেশন্সের হাফিজুর রহমান বলেন, দুপুরে সবাই ক্লান্তি অনুভব করেন। ইফতারের পরই মানুষের যাতায়াত বাড়ে। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আরও দর্শনার্থী আসবেন, তবে আপাতত সন্ধ্যার দিকেই ভিড় বেশি দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। বইমেলার উদ্বোধন করেছেন তারেক রহমান। আগামী ১৫ই মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এবারের বইমেলায় অংশ নিয়েছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রকাশনার স্টল। মোট ইউনিট রয়েছে ১ হাজার ১৮টি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন