ইতালিয়ান সিরিয়া-তে মৌসুমের দ্বিতীয় ‘ডার্বি ডেলা মাদোনিনা’ বা মিলান ডার্বি অনুষ্ঠিত হবে আজ। লীগ শিরোপার দৌড়ে টিকে থাকতে এসি মিলানের সামনে ‘ডু অর ডাই’ পরিস্থিতি। কেননা, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছে এসি মিলান। তাই রোজেনেরিদের জন্য আজকের ম্যাচটি ব্যবধান কমানোর শেষ সুযোগ। হাইভোল্টেজ ম্যাচটি সান সিরোতে শুরু হবে রাত পৌনে ২টায়।
আজ দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে এসি মিলান তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ। এ ম্যাচেও গোল করতে পারলে ২০০৩-০৪ মৌসুমে কাকার পর ক্লাবের প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ডার্বির দুই লেগেই গোল করার নজির গড়বেন এ মার্কিন ফরোয়ার্ড। মৌসুমের প্রথম ডার্বিতে পুলিসিচের একমাত্র গোলেই জয়োল্লাসে মাতে এসি মিলান।
সমপ্রতি পার্মার কাছে (১-০) হেরে ২৪ ম্যাচের অপরাজিত যাত্রার সমাপ্তি দেখেছে ম্যাক্স অ্যালেগ্রির এসি মিলান। তবে গত সপ্তাহে রাফায়েল লিয়াও ও পাভলোভিচের শেষ মুহূর্তের গোলে ক্রেমোনেসেকে হারিয়ে এখনও কোনোমতে লীগ রেসে টিকে আছে তারা। ২৭ ম্যাচে ৫৭ পয়েন্টে দুইয়ে আছে লাল-কালোরা। সমান ম্যাচে ৬৭ পয়েন্টে চূড়ায় ইন্টার। কালো-নীলদের (৪) চেয়ে কম ম্যাচে হার দেখলেও, মূলত ৮টি ড্র এসি মিলানকে (২) পয়েন্ট তালিকায় পিছিয়ে দিয়েছে।
অন্যদিকে, ক্রিস্টিয়ান চিভুর ইন্টার মিলান বর্তমানে অদম্য। গত নভেম্বরে মিলানের কাছে (১-০) হারের পর লীগে টানা ১৫ ম্যাচ অপরাজিত কালো-নীলরা। বর্তমানে সিরি-এতে সর্বোচ্চ গোলদাতা এবং সেটপিস থেকে গোল করার কৃতিত্বে সবার চেয়ে এগিয়ে ইন্টার। নিরাজ্জুরিরা আজকের ম্যাচে জয় তুলে নিতে পারলে লীগের ১০ রাউন্ড বাকি থাকতেই ১৩ পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে যাবে। তাতে এসি মিলানের পরবর্তী কাজ অনেকটাই কঠিন হয়ে পড়বে। চোটের কারণে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এসি মিলান মিডফিল্ডার রুবেন লোফটাস-চিককে। এছাড়া, মাতেও গাবিয়া ও সান্তিয়াগো জিমেনেজও নেই স্কোয়াডে। তবে এসি মিলান ভক্তদের জন্য স্বস্তির খবর, তরুণ ডিফেন্ডার ডেভিড বার্তেসাগি সুস্থ হয়ে ফিরেছেন। আক্রমণে ক্রিস্টিয়ান পুলিসিচ ও রাফায়েল লিয়াওর ওপরই ভরসা রাখছেন অ্যালেগ্রি।
এদিকে, ইন্টার মিলানের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে অধিনায়ক ও লীগের সর্বোচ্চ গোলদাতা লাওতারো মার্টিনেজের (১৪) অনুপস্থিতি। চোটের কারণে মাঠের বাইরে এ আর্জেন্টাইন তারকা। তার বদলে আক্রমণে দেখা যেতে পারে মার্কাস থুরাম ও ফ্রান্সিসকো পিও এস্পোসিতোকে। এছাড়া চার মাস পর দলে ফিরছেন ডেনজেল ডামফ্রিস। মিডফিল্ডে মূল আকর্ষণে থাকছেন সাবেক এসি মিলান তারকা হাকান কালহানোগলু।
সামপ্রতিক ডার্বিগুলোতে এসি মিলানের দাপটই বেশি। শেষ ৬টি ডার্বির ৪টিতেই জয় তুলে নেয় এসি মিলান, এর মধ্যে ছিল চলতি মৌসুমের প্রথমটিও। অন্যদিকে, শেষ ৯টি অ্যাওয়ে ম্যাচের কোনোটিতেই হারেনি ইন্টার। এমনকি গত ৬ ম্যাচে কোনো গোলই হজম করেনি তারা।
আজ ইন্টারের সামনে যেমন ১০টি অ্যাওয়ে জয়ের রেকর্ডের অপেক্ষা, তেমনি এসি মিলান অপেক্ষমাণ ২০১১’র পর প্রথমবার ‘ডাবল’ ডার্বি জিতে লীগ জমিয়ে দিতে। ৯০ মিনিটের ম্যাচে শেষ হাসি হাসবে কারা, তা সময়ই বলে দেবে।
এসি মিলানের ‘শেষ সুযোগ’ কাকাকে ছুঁতে অপেক্ষা পুলিসিচের
পুলক বিশ্বাস
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
