জ্বালানি তেল পাচার ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিশেষ তল্লাশি

জ্বালানি তেল পাচার ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিশেষ তল্লাশি

ফন্ট সাইজ:

সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ও অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরার সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি, তল্লাশি ও মোবাইল টহল। শনিবার বেলা ১২টায় ভারত সীমান্তবর্তী ভোমরা জিরো পয়েন্টে সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন- মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য অস্থির হয়ে উঠেছে। এর প্রভাব মোকাবিলায় সীমান্ত এলাকায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। তিনি জানান, বিদেশি কার্গো যানবাহন কম জ্বালানি নিয়ে দেশে প্রবেশ করে স্থানীয়ভাবে ট্যাংক পূর্ণ করা বা বাংলাদেশি গাড়ি অতিরিক্ত জ্বালানি নিয়ে সীমান্ত অতিক্রমের মতো অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। সাতক্ষীরা সদর ও কলারোয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি বিপণন তদারকি করা হচ্ছে এবং ভোমরা স্থলবন্দর এলাকায় বিশেষ তল্লাশি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক সাদমান সাদিক, উপ-সহকারী পরিচালক মাসুম বেগ এবং মিডিয়া কর্মকর্তা মিলন হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন