নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ অ্যাসল্ট মামলায় এজাহারভুক্ত ৫ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে সিংড়া থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত থেলকুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এজাহারভুক্ত আসামিরা হলেন-তুহিন (৩৫), ওমর ফারুক (৩৪), জাহাঙ্গীর (৩৮), মোমিন (৫০) ও রিংকু (২৫)। এছাড়া সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে-ইমন হোসেন (১৮), দুলালু (৪০), আমজাদ (৬৫), বিপ্লব হোসেন ও মৃত ইয়াদ রফিকুল (৩৬)। গ্রেপ্তারকৃত সকলেই থেলকুর গ্রামের বাসিন্দা। সিংড়া থানা পুলিশ জানায়, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সিংড়া থানার ওসি আ.ব.ম আব্দুন নূর জানান, পুলিশ অ্যাসল্ট মামলায় এজাহারভুক্ত ৫ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে থেলকুড় গ্রামের সিয়াম আলী গাড়ি দুর্ঘটনার শিকার হলে তাকে নন্দীগ্রামের একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত ছাড়া মরদেহ বাড়িতে আনা হলে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে মরদেহ হাসপাতালে নিতে চায়। এতে পরিবারের লোকজন বাধা দিলে পুলিশ হাসপাতাল থেকে সরবরাহ করা মৃত্যুসনদ চায়। সেটা দিতেও অপারগতা প্রকাশ করে পরিবারের লোকজন। এ নিয়ে তাদের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়। পরে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিংড়া উপজেলায় একটি গ্রামে তথ্য সংগ্রহ করতে গিয়ে গ্রামবাসীর হামলার শিকার হয় পুলিশের তিনজন সদস্য।
সিংড়ায় পুলিশের ওপরে হামলার মামলায় গ্রেপ্তার ১০
সিংড়া (নাটোর) প্রতিনিধি
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
