ঈদে হাজির তুষি

ঈদে হাজির তুষি

ফন্ট সাইজ:

সবশেষ ‘হাওয়া’ চলচ্চিত্র দিয়ে বাজিমাত করেছিলেন চিত্রনায়িকা নাজিফা তুষি। সেই ছবিতে তার অভিনয় নজর কাড়ে দর্শকদের। এরপর আর নতুন সিনেমায় পাওয়া যায়নি তাকে। অপেক্ষায় ছিলেন ভিন্ন কিছুর। পরবর্তীতে তিনটি সিনেমার কাজ করেন তিনি। এর মধ্যে এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। পুরোদমে ছবিটির প্রচারণায় এখন ব্যস্ত তুষি। ছবিতে চার নারীর গল্প ফুটে উঠবে। তুষির বাইরেও এতে অভিনয় করেছেন- শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা। এর আগেই রায়হান রাফীর ‘আন্ধার’ নামের আরেক সিনেমায়ও অভিনয় করেছেন তুষি। সিনেমাটিতে কাজ করতে গিয়েই ‘প্রেশার কুকার’-এ যুক্ত হন তিনি। ছবিটির পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে আলোচিত হয়েছে। সিনেমায় কী চরিত্রে অভিনয় করছেন?- জানতে চাইলে তুষি বলেন, এখনই বলতে চাই না। সিনেমাটি মুক্তি পেলেই দর্শকরা নানা চমক পাবেন। ‘প্রেশার কুকার’ ছাড়া ‘রইদ’সহ আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তুষি। তবে আপাতত ঈদের ছবি নিয়েই এক্সাইটেড এ অভিনেত্রী। তিনি বলেন, ঈদে সিনেমা মুক্তি বড় একটি বিষয় একজন শিল্পীর জন্য। তাই খুবই ভালো লাগছে। বড় কথা হলো ঈদের সবচেয়ে ভিন্নধর্মী ছবিটিতে কাজ করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন