ছিনতাইকারীর কবলে পড়ে হাসপাতালে ডুয়েট শিক্ষার্থী, সহযোগিতার আশ্বাস ভিসি’র

ফন্ট সাইজ:

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর শিক্ষার্থী নূর মোহাম্মদ নাঈম ট্রেনে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। নাঈম ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী। এর আগে গত বৃহস্পতিবার রাতে চাঁপাই এক্সপ্রেস ট্রেনযোগে জয়দেবপুর থেকে ঢাকায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এদিকে শনিবার নাঈমের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেছেন বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। এ সময় উপাচার্য তাকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় তিনি হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের প্রধানের সঙ্গে কথা বলে তার চিকিৎসার বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। তার উদ্যোগে নাঈমকে সাধারণ বেড থেকে কেবিনে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। পরে উপাচার্য ব্যক্তিগতভাবে নাঈমের পরিবারের হাতে আর্থিক সহায়তা দেন এবং বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে সহযোগিতার আশ্বাস দেন। জানা যায়, ঘটনার দিন ট্রেনের শেষ বগিতে ছিলেন তিনি। ট্রেনটি এয়ারপোর্ট স্টেশন এলাকায় পৌঁছালে পেছন থেকে কয়েকজন ছিনতাইকারী তার মোবাইল ও ল্যাপটপ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ফোনটি উদ্ধারের জন্য তিনি দরজার কাছে গিয়ে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে টানাহেঁচড়া করেন। ধস্তাধস্তির একপর্যায়ে নাঈমকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়।
এতে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন এবং তার পা কেটে যায়। এ সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা ল্যাপটপ ও ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত পঙ্গু হাসপাতালে নেয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন