বরগুনায় শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে আলমতাজ (৪৪) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আগাপদ্মা দিল মাহমুদ নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমতাজ ওই এলাকার আবুল হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবলটি জব্দ করা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় নিহত আলমতাজ তার নিজ বাড়িতে একা ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা শাবল দিয়ে পিটিয়ে তার মুখ থেঁতলে হত্যা করেন। নিহতের মা ছায়াতন বেগম বলেন, আমি মেয়ের বাড়িতে থাকি না। কী কারণে আমি তা কিছুই জানি না। জামাইয়ের অসুস্থতার কথা জানিয়ে আমাকে খবর দেয়া হয়। কিন্তু এসে দেখি মেয়েকে কারা যেন মেরে ফেলেছে। নাঈম হোসেন তানভীর নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, খবর শুনে ওই বাড়িতে এসে মরদেহ পরে থাকতে দেখি। আমার জানামতে, তাদের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। এমনকি তার শরীরের স্বর্ণালঙ্কারও খোয়া যায়নি। নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ বলেন, এটি একটি নির্মম হত্যাকাণ্ড। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী বেরিয়ে আসুক। বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ্?উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
বরগুনায় শাবল দিয়ে পিটিয়ে মুখ থেঁতলে গৃহবধূকে হত্যা, স্বামী পুলিশ হেফাজতে
বরগুনা প্রতিনিধি
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
