কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন যান চালকদের দেয়া হচ্ছে ১০০ টাকার জ্বালানি তেল। ১ লিটারেরও কম তেল পেয়ে হতাশ চালকরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেকে নিতে পারছে না চাহিদা অনুযায়ী পেট্রোল ও ডিজেল। পাম্প কর্তৃপক্ষের দাবি কেউ যেন খালি ফিরে যেতে না হয় এজন্য মিনিমাম ১০০ টাকার পেট্রোল ও ডিজেল দেয়া হচ্ছে। অপরদিকে, দুপুরের পর থেকে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি পাম্প। সরজমিন ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর ভাই ভাই পাম্প ও জগন্নাথপুর মিন্টু মিয়া ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন যান চালকদের ভিড়। প্রথমে তাদের পাম্পগুলো তেল দিতে রাজি না হলেও পরে ১০০ টাকার তেল দেয়ার প্রতিশ্রুতি দিয়ে পেট্রোল দেয়া হয়। দুপুর থেকে বন্ধ হয়ে যায় দুইটি পাম্প। এতে বিপাকে পড়ে বিভিন্ন যান চালকরা। বেসরকারি সংস্থার প্রতিনিধি হাসান মিয়া বলেন, দিনভর দুই লিটার তেলে শহর ও গ্রামে ঘুরে বেড়ায়। অফিসিয়াল কাজে মোটরসাইকেল খুব জরুরি। ১০০ টাকার তেলে শহরে ঘোরা যাবে না। আরেক মোটরসাইকেল চালক রহমান মিয়া বলেন, আমি মোটরসাইকেলের তেল নিতে এসে পাইনি। তাই ফিরে যাচ্ছি। পিকআপ ভ্যানচালক হাসিম মিয়া বলেন, আমি গাড়ি চালিয়ে সংসার চালাই। গাড়ির তেল শেষ হওয়ায় পাম্পে এসেছি। পাম্প কর্তৃপক্ষ বলছে তেল নেই। পাম্প কর্মচারী সাইফুল ইসলাম বলেন, সপ্তাহে তিন গাড়ি পেট্রোল, অকটেন ও ডিজেল লাগে। এখন তেল পাচ্ছি ১ গাড়ি। তেলে চাহিদা মেটাতে পারছে না তেল সরবরাহকারীরা। এদিকে, স্থানীয়দের তোপের মুখে পড়তে হচ্ছে তেল দিতে পারছি না। আমাদের এখানে তেলের মজুত নেই। তাই সবাইকে ১০০ টাকা করে তেল দিচ্ছি। বেশি সমস্যা যাদের হচ্ছে তাদের ২০০ টাকার তেল দিচ্ছি। ভাই ভাই পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী আব্দুল মন্নান বলেন, সকাল থেকে বিভিন্ন যান চালকদের তেল দিয়েছি। বিকাল ৪টার পর তেল শেষ হয়ে গেছে। এদিকে, ডিপো থেকে তেল সরবরাহ পাচ্ছি না। আমরা তেল পেলে যান চালকদের তেল বিতরণে কোনো সমস্যা হবে না। ভৈরব জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. হোসেন আলী মিয়া বলেন, এখনো ভৈরবে পুরোপুরিভাবে জ্বালানি তেল সংকট দেখা যায়নি। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নির্দেশনা অনুযায়ী ভৈরব ডিপো কর্মকর্তারা তেল বিতরণ করছে। যতটুকু জেনেছি চাহিদার তুলনায় কম সরবরাহ হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ বলেন, ভৈরবের পাম্পগুলোতে জ্বালানি তেল সংকটের বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে দেখছি কী করা যায়।
জ্বালানি তেল সংকটে যানবাহনে দেয়া হচ্ছে ১০০ টাকার তেল
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
