সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অধিক মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের আশঙ্কায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বিজিবি। সামপ্রতিক বৈশ্বিক অস্থিরতা ও ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক ওঠানামা করায় এমন সিদ্ধান্ত নিয়েছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বিজিবি। বিজিবি সূত্রে জান যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির আশঙ্কা মাথায় রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে তেল পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গত শুক্রবার সকাল থেকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন, বিশেষ টহল জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বড়ছড়া, চারাগাঁও, বাগলীসহ তিনটি এলসি (ল্যান্ড কাস্টমস) পয়েন্টে বাড়তি নজরদারি বসানো হয়েছে। যাতে বাংলাদেশগামী পাথর ও কয়লাবাহী বড় ট্রাক ও ডাম্পারগুলো পণ্য আনলোড করে পার্শ্ববর্তী দেশে প্রবেশের সময় অবৈধভাবে জ্বালানি তেল পাচার করতে না পারে। সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার সুযোগে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফালাভের আশায় তেল মজুত ও পাচারের চেষ্টা করতে পারে। এ কারণে সীমান্তে বিজিবি সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, যেসব রুট দিয়ে জ্বালানি তেল পাচারের আশঙ্কা বেশি রয়েছে সেসব পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। জ্বালানি তেল পাচারসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে বিজিবি’র তৎপরতা অব্যাহত থাকবে।
সুনামগঞ্জ সীমান্তে তেল পাচার ঠেকাতে বিজিবি’র সতর্কতা জোরদার
সুনামগঞ্জ প্রতিনিধি
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
