বাগেরহাটে ওসমান হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

বাগেরহাটে ওসমান হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন বাগেরহাটে সন্ত্রাসীদের হাতে নিহত বিএনপি কর্মী সরদার ওসমান গনি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহতের ৩ বছরের শিশু সন্তানসহ তার পরিবারের সদস্য ও এলাকাবাসী। শনিবার দুপুরে খুনিদের ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার নিয়ে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধন চলাকালে নিহতের বাবা শাহাজান সরদার ও বোন সায়েদা আক্তার বলেন, আমাদের বাড়ি বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পার নওয়াপাড়া গ্রামে। গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে প্রতিপক্ষ হাফিজ খান, শহিদুল হাওলাদার, আবুল হাসান শেখ, অজিয়ার তরফদার, আলী ফকির, আসাদ খান ও এনামুলসহ ২৫-৩০ জন সন্ত্রাসী সরদার ওসমান গনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ সময় ওই সন্ত্রাসীরা আরও কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় ১৫ জন সন্ত্রাসীর নাম পরিচয় উল্লেখ করে কচুয়া থানায় মামলা করা হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। সরদার ওসমান গনি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনায় পবিত্র রমজানের দিনে রোজা থেকে রাস্তায় নেমেছি। মানববন্ধনে নিহতের বৃদ্ধা মাতা ফাতেমা বেগম, চাচা মুনসুর সরদার ও মামলার বাদী নিহতের ভাইসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, আসামি আত্মগোপনে থাকায় গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন