কুষ্টিয়ায় ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং মূল পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন নিহতের পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মানববন্ধনে নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান ও তাদের চার সন্তান তাইবা (৯), তাবাসসুম (৭), সাজিদ (৫) ও ১২ মাস বয়সী আয়েশাকে নিয়ে উপস্থিত হন। এ সময় বড় মেয়ে তাইবা কান্নাজড়িত কণ্ঠে বলে- আম্মু আমাদের খুব আদর করে ঘুম পাড়িয়ে দিতেন। কিন্তু দুই রাত ধরে আম্মু নেই। আমাদের চার ভাইবোনের চোখে আর ঘুম আসে না। কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ে সে। সন্তানদের বুকে জড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে স্ত্রীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান স্বামী। মামলার আসামি বিশ্বজিৎ কুমার বিশ্বাস, শ্যাম সুন্দর সরকার ও মো. হাবিবুর রহমান-এর কঠোর শাস্তির দাবি জানান তিনি। মানববন্ধনে নিহত শিক্ষিকার বাবা শ. ম. আশিকুল হকসহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বুধবার বিকালে নিজ দপ্তরে ছুরিকাঘাতে নিহত হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় অভিযুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর নিহত শিক্ষিকার স্বামী ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফজলুর রহমানসহ তিন শিক্ষককে আসামি করা হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন