ছুটিতে থেকেও বেসরকারি হাসপাতালে রোগী দেখার অভিযোগ উঠেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. আজিজুল হোসেনের বিরুদ্ধে। শনিবার সকালে তাকে বেসরকারি দু’টি হাসপাতালে রোগী দেখতে দেখা যায়। এর আগে রাতে তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে লেখেন, রমজানে সকাল ১০টা থেকে রোগী দেখা হবে। সরজমিন দেখা যায়, শনিবার সকাল প্রায় ১০টার দিকে তিনি মিডল্যান্ড হাসপাতালে রোগী দেখেন। পরে সকাল ১১টার পর থেকে তাকে ইবনে সিনা হাসপাতালে রোগী দেখতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে ডা. আজিজুল হোসেন বলেন, আমি বর্তমানে ২০ দিনের ছুটিতে আছি। আমি অসুস্থ। অসুস্থ হয়ে কীভাবে রোগী দেখছেন? প্রশ্ন করা হলে বলেন, এটার নিয়ম আছে। এরপর তিনি দ্রুত সেখান থেকে চলে যান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিৎসক বলেন, সরকারি হাসপাতালে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কোনো চিকিৎসক অসুস্থতার ছুটিতে থাকলেও কীভাবে একাধিক বেসরকারি হাসপাতালে রোগী দেখেন? এটাতো কোনো চিকিৎসকের দ্বারা সম্ভব নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কঠোর অবস্থানের পরও এমন ঘটনা ঘটে থাকলে সরকারি চিকিৎসা থেকে রোগীরা বঞ্চিত হবে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজ বলেন, যদি কোনো চিকিৎসক অসুস্থতার ছুটি নিয়ে অন্যত্র রোগী দেখে থাকেন, তবে সেটি অবশ্যই তদন্তসাপেক্ষের বিষয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সরকারি চিকিৎসকদের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লায় ছুটিতে থেকেও বেসরকারি হাসপাতালে রোগী দেখার অভিযোগ
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
