সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫-২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া বাজারে শিশির নূর ও রাসেল মিয়ার লোকদের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- ভাটিপাড়া গ্রামের মুরসালিন (২৫), তারাজুল (৩২), রাজরান (২৪), গোলাম কিবরিয়া (৫০)।
জানা যায়, ভাটিপাড়া গ্রামের পার্শ্ববর্তী ধলিপুরী ডোবা নামক জলমহালটি ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়া ইজারাদার সমিতির কাছ থেকে সাব লিজ আনে। শিশির নূর এতে অংশ চাইলে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। শনিবার সকালে রাসেল মিয়ার লোকজন ডোবা শুকিয়ে মৎস্য আহরণ করতে গেলে শিশির নূরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের ১৫-২০ আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু তালুকদার জানিয়েছেন, সংঘর্ষে আহত ৭ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে সিলেটে রেফার্ড করা হয়েছে। তবে অন্য একটি সূত্রে জানা গেছে, একপক্ষের আহতরা দিরাই উপজেলা সদর হাসপাতালে না এসে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দিরাইয়ে জলমহালের দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
৮ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
