একলাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ৫০-৬০ রুপি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ লেগেছে ভারতের বাজারে

একলাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ৫০-৬০ রুপি

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এসে লেগেছে ভারতের বাজারে। শেয়ার বাজারে ইতিমধ্যেই ধ্বস দেখা গেছে। বিনিয়োগকারীরা হারিয়েছেন কয়েক লাখ কোটি রুপি। জ্বালানি সংকট তীব্র হওয়ার আশঙ্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির দিকে। এরই মধ্যে হেঁশেলে বিস্ফোরণ ঘটিয়েছে সরকার। ভারতের বাজারে রান্নার গ্যাসের দাম একলাফে ৫০-৬০ রুপি বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। দাম বৃদ্ধি করা হয়েছে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য রান্নার গ্যাস সিলিন্ডারেও। সরকার মুখে সঙ্কটের সম্ভাবনা নেই বললেও এই দাম বৃদ্ধির ঘোষণায় আশঙ্কা তৈরি হয়েছে।
ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম শনিবার থেকে কলকাতায় ৬০ রুপি বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১১৫ রুপি। দিল্লিতে ১৪.২ কেজি ওজনের ঘরোয়া সিলিন্ডার দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ৯১৩ রুপি। কলকাতায় তা হয়েছে ৯৩৯ রুপি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে জ্বালানি সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে আপাতত আগামী কয়েকদিনের জন্য এলপিজি-র ডাবল সিলিন্ডারের সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্য এক রিপোর্টে দাবি করা হয়েছে, বাড়ির রান্নার গ্যাস বুকিং নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রক। জানা গেছে, এবার একটি সিলিন্ডার বুকিংয়ের ২১ দিনের মধ্যে দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে না। 

ইন্ডিয়ান অয়েলের কাছে প্রায় ১০ দিনের গ্যাসের মজুদ রয়েছে। তবে হিন্দুস্তান পেট্রোলিয়ামের বাণিজ্যিক গ্যাস বিক্রির উপর এখনই বিধিনিষেধ জারি করা হয়েছে।
উল্লেখ্য, ভারত মোট এলপিজি চাহিদার প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ আমদানি করে। এর অধিকাংশই উপসাগরীয় দেশগুলি থেকে আসে। চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীতে কয়েকশো জ্বালানি ট্যাঙ্কার আটকে রয়েছে । এর মধ্যে ভারতেরও ৩০টিরও বেশি জাহাজ রয়েছে। এর ফলে আগামী দিনে ভারতসহ সারা বিশ্বে জ্বালানির সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন