বিশ্বক্রিকেটে ‘চোকার’ শব্দটি শুনলেই চোখের সামনে দক্ষিণ আফ্রিকার নাম ভেসে ওঠে। বিশ্বমঞ্চে নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেই হারিয়ে ফেলা প্রোটিয়াদের কপালে এই কলঙ্কের দাগ লেগে আছে অনেক বছর ধরে। তবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনের মতে, তাদের চেয়েও বড় ‘চোকার’ হওয়ার দৌড়ে এখন এগিয়ে নিউজিল্যান্ড। কিউইরা যদি আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে না হারাতে পারে, তবে এই অপমানজনক তকমাটি আনুষ্ঠানিকভাবে তাদের কাঁধে তুলে দিতে চান স্টেইন।
আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচকে সামনে রেখে আরেক কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে কিউইদের একহাত নেন স্টেইন। তিনি বলেন, “সবাই দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার’ ডাকতে পছন্দ করে, তবে নিউজিল্যান্ড আমাদের চেয়ে বেশি ফাইনাল খেলেও ট্রফি জিততে পারেনি। এবার যদি তারা ভারতকে না হারাতে পারে, তবে ওই তকমাটা আমি আনুষ্ঠানিকভাবে তাদেরই দিয়ে দেব। এটি এখন তাদেরই প্রাপ্য।”
রেকর্ড বই বলছে, নিউজিল্যান্ডের আক্ষেপের ঝুলিটা সত্যিই বেশ বড়। ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ছাড়াও, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা অধরাই রয়ে গেছে তাদের। বিশেষ করে, ২০১৯ বিশ্বকাপের আক্ষেপ তো এখনও পোড়ায় ব্ল্যাকক্যাপদের। লর্ডসে বাউন্ডারি গণনার অদ্ভুত নিয়মে ইংল্যান্ডের কাছে পরাজয় তাদের জন্য ছিল চরম ট্র্যাজেডি।
স্টেইনের সাবেক সতীর্থ ও এক সময়ের মারকুটে ব্যাটার ডি ভিলিয়ার্সও সুর মেলান তার সঙ্গে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে স্টেইনকে ছক্কা হাঁকিয়েই কিউইদের ফাইনালে তোলেন গ্রান্ট এলিয়ট। সেই স্মৃতি রোমন্থন করে ডি ভিলিয়ার্স বলেন, ‘২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে যদি কেউ হারাতে পারতো... এটি বললে হয়তো লোকে আমাকে অপছন্দ করবে, তবে সেটি ছিল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড আমাদের হারিয়ে ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ করেছিল।’
তবে ভারতের মাটিতে তাদেরকে হারানো নিউজিল্যান্ডের জন্য ‘মিশন ইম্পসিবল’ বলে মনে করেন স্টেইন। তার মতে, কিউইরা জিততে হলে ভারতকে অবিশ্বাস্যভাবে ‘চোক করতে হবে, যা ফর্মে থাকা সূর্যকুমার যাদবের দলের জন্য একটু অসম্ভবই বটে। শেষটা তাই হাস্যরস দিয়েই করলেন ডি ভিলিয়ার্স, ‘খেলাধুলার জন্য নিউজিল্যান্ডের প্রতি আমার অনেক সম্মান আছে। তবে ডেল, তারা যদি এবার বিশ্বকাপ জিতে যায়, তাহলে লোকে আমাকে আর তোমাকে মেরেই ফেলবে (হাসি)।’
