অবশেষে স্বস্তি নেমে এলো রিয়াল মাদ্রিদ শিবিরে। স্প্যানিশ লা লিগায় টানা দুই হারের পর জয়ের মুখ দেখলো মাদ্রিদের ক্লাবটি। তবে সেল্টা ভিগোর মাঠে ২-১ গোলের জয়ের দিনও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় রিয়াল। অহেলিয়ে চুয়ামেনি দ্রুতই অল হোয়াইটদের এগিয়ে নিলে বিরতির আগেই সমতায় ফেরে সেল্টা। সেখান থেকে জয়সূচক গোলটি পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয় একেবারে অন্তিম মুহূর্ত পর্যন্ত। সেখানে তাদের সুপ্রসন্ন ভাগ্যের কথাও বলতে হবে। নির্ধারিত সময়ের যোগ করা পঞ্চম মিনিটে ফেডেরিকো ভালভার্দের শটটি যে প্রতিপক্ষের গায়ে লেগে দিক পাল্টে জালে ঢোকে!
এ জয়ে চূড়ায় থাকা বার্সেলোনার সঙ্গে ফের ব্যবধান কমিয়ে আনলো রিয়াল। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অল হোয়াইটরা। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে সবার উপরে কাতালানরা। আজকের ম্যাচে হান্সি ফ্লিকের দল জয় তুলে নিলে ফের ৫ পয়েন্টে এগিয়ে যাবে তারা।
