সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’

ফন্ট সাইজ:

সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার সোয়া ৯টার দিকে অল্টারনেটিভসের ফেসবুক পেজে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর মাহফুজ আলমের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট শেয়ার করা হয়।

‘অল্টারনেটিভস’ নামের এই প্ল্যাটফর্মের ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি (জাতীয় সাংগঠনিক কমিটি) ঘোষণা করা হয়। তাদের মধ্যে তিনজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা।

মাহফুজ আলম ছাড়া অল্টারনেটিভসের ন্যাশনাল অর্গানাইজিং কমিটির অন্য সংগঠকেরা হলেন আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, তাজনূভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী। তাঁদের মধ্যে তাজনূভা জাবীন ও হাসান আলী এনসিপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক, ইমন সৈয়দ দলটির সাবেক যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)।

সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে পরে ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সদস্য সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হবে বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

‘জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার’

অল্টারনেটিভসের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠনসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারাদেশের ছাত্র-নাগরিকদেরকে পুনর্গঠন করার লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস আজ ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করেছে। নবগঠিত এই কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও নীরবে থাকা সক্রিয় আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং একই সঙ্গে একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে সারা দেশে বিস্তৃত করা।

অলটারনেটিভস’র পক্ষ থেকে জানানো হয়, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ, নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ এবং জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য সামনে রেখে ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে, যা আগামী দিনে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র-শ্রমিক-কৃষক-জনতাকে এক করে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে নেবেন বলে উল্লেখ করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন