কুয়েতে মিসাইল বিস্ফোরণে সন্দ্বীপের আরও এক যুবকের মৃত্যু

কুয়েতে মিসাইল বিস্ফোরণে সন্দ্বীপের আরও এক যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় বাহরাইনের পর এবার কুয়েতেও ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহেদ হোসেন (৩০) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার কুয়েতের জারা জালমি এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত জাহেদ রহমতপুর এলাকার কামাল দফাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় আনুমানিক বিকাল ৩টার দিকে কুয়েতের জারা জালমি এলাকার মরু অঞ্চলে একটি মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় জাহেদ সেখানে কর্মরত ছিলেন। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, আগামী কোরবানির ঈদ উপলক্ষে তিনি দেশে আসার পরিকল্পনা করেছিলেন। ঈদের সময় বাড়িতে এসে তার একমাত্র সন্তানের আকিকা দেয়ার কথাও পরিবারের সঙ্গে আলোচনা করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। জাহেদ দুই ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার রেখে যাওয়া একমাত্র সন্তান ছয়েদুর রহমান জিসান (৩) শারীরিকভাবে প্রতিবন্ধী। জাহেদের অকাল মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন জানান, বৃহস্পতিবার কুয়েত সময় সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই সহকর্মীদের মাধ্যমে জাহেদ হোসেনের মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়। পরিবারের পক্ষ থেকে দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে। এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত রোববার বাহরাইনে ইরানের হামলায় সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা আবুল মহসিন ওরফে তারেক (৫২) নিহত হয়েছিলেন। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই উপজেলার দুই প্রবাসীর এমন মৃত্যুতে পুরো সন্দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন