বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং জাতির কাছে স্পষ্ট হয়ে উঠেছে: ড. হামিদুর রহমান আযাদ

বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং জাতির কাছে স্পষ্ট হয়ে উঠেছে: ড. হামিদুর রহমান আযাদ

ফন্ট সাইজ:

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, গত নির্বাচনে যে নজিরবিহীন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, তা আজ দেশ ও জাতির কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে ।
তিনি বলেন, নির্বাচনের দিন সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিলেও তা সুক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করে ফলাফল ভিন্নদিকে প্রবাহিত করা হয়েছে। এছাড়াও কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং সবকিছু দেখেও প্রশাসনের নিরবতা ভিন্ন কিছুরই প্রমাণ বহন করে।
শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর তৃণমূল কর্মীদের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ড. হামিদ আযাদ বলেন, সাবেক উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানের সাম্প্রতিক মন্ত্রীত্ব পাওয়ার বিষয়টি সাধারণ মানুষের মনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে। কিসের বিনিময়ে এবং কোন সমঝোতার ভিত্তিতে এই পুরষ্কার তা জাতি জানতে চায়। তিনি বলেন, উপদেষ্টার শপথ ভঙ্গ করে এ ধরনের রাজনৈতিক সুবিধা গ্রহণ গণতন্ত্রকামী মানুষের সাথে চরম বিশ্বাসঘাতকতা। ড. হামিদ আযাদ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গণমাধ্যমে দেয়া বক্তব্য তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
ড. হামিদ আযাদ বলেন, মানুষ সতেরো বছর পর বহু উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ভোট দানের জন্য অপেক্ষা করছিলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মানুষের এই উৎসাহে মাটি চাপা দেয়া হয়েছে। তিনি অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত করে কারা কারা জড়িত প্রত্যেকের শাস্তির দাবি জানান।
কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপজেলা সেক্রটারী মাওলানা নূরুল আমিন, বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নূর, আলী আকবর ডেইল ইউনিয়ন সভাপতি আবু ছালেক, কৈয়ারবিল ইউনিয়ন সভাপতি মোঃ ওসমান গণি, লেমশিখালী ইউনিয়ন সভাপতি রেজাউল করিম রাজু, দক্ষিণ ধুরুং ইউনিয়ন সভাপতি মোঃ বেলাল হোসাইন, উত্তর ধুরুং ইউনিয়ন সভাপতি সৈয়দ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন