ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার ‘ফিনালিসিমা’ ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে কাতারের লুসাইল স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত ম্যাচটি আয়োজন করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা) বলছে, ভেন্যু সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহের শেষে জানা যাবে। মূল পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৭শে মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল মহাদেশীয় দুই পরাশক্তির। এই স্টেডিয়ামেই ২০২২ বিশ্বকাপ শিরোপা তুলে ধরেন লিওনেল মেসি। তবে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তজনা এবং আরব উপদ্বীপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় সব ধরনের টুর্নামেন্ট স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ)। এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ইতিমধ্যে বিশাল বিনিয়োগের কারণে ম্যাচটি দোহাতেই রাখতে চায় কাতার। তবে বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে উয়েফা, দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) এবং ফিফার সম্মিলিত সম্মতির প্রয়োজন। হাইভোল্টেজ ম্যাচ শুরু হতে বাকি কেবল তিন সপ্তাহ বাকি। সময় খুবই কম থাকায় বিকল্প ভেন্যু হিসেবে লন্ডন, রোম বা মিলানের কথা ভাবা হচ্ছে। ‘ফিফা কনফেডারেশনস কাপ’ নাম বদলে ফিনালিসিমা করার পর ২০২২-এ প্রথম আসরে ইতালিকে (৩-০) হারিয়ে শিরোপা তুলে ধরে আর্জেন্টিনা। সেবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। তবে আসন্ন ২৭শে মার্চ সেখানে ইংল্যান্ড ও উরুগুয়ের ম্যাচ আগে থেকেই নির্ধারিত থাকায় সে ভেন্যু পাওয়া নিয়ে জটিলতা রয়েছে। আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া ফিফা বিশ্বকাপের আগে মার্চের এই আন্তর্জাতিক বিরতি দু’দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাই এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চাচ্ছে। কেননা, এর তিন দিন পরেই তাদের মিশরের বিপক্ষে ম্যাচ রয়েছে। ফিনালিসিমা শেষ পর্যন্ত বাতিল হলে আরএফইএফ বিকল্প প্রতিপক্ষ খুঁজবে বলে জানা গেছে। এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, স্থানীয় আয়োজকদের সঙ্গে নিবিড় আলোচনা চলছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আপাতত ফুটবলপ্রেমিরা অধীর আগ্রহে বসে আছেন মেসি ও লামিন ইয়ামালের মধ্যকার প্রথম লড়াই কোথায় অনুষ্ঠিত হবে, সেটি জানার জন্য।
‘মেসি ইয়ামাল’ দ্বৈরথের সিদ্ধান্ত আগামী সপ্তাহে
স্পোর্টস ডেস্ক
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
