টুর্নামেন্ট সেরার দৌড়ে আট ক্রিকেটার

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ

টুর্নামেন্ট সেরার দৌড়ে আট ক্রিকেটার

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসর শেষের পথে। রবিবার আহমেদাবাদে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের আসর পর্দা নামবে। ফাইনালের আগে এখন ক্রিকেটপ্রেমীদের নজর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের দিকে। গতকাল আন্তজার্তিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবারের আসরের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হবার দৌড়ে থাকা আটজন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। যেখানে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের দুজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। টুর্নামেন্ট সেরার দৌড়ে একমাত্র ভারতীয় ক্রিকেটার সাঞ্জু স্যামসন। ফাইনালের আগপর্যন্ত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ৪ ম্যাচ খেলে ২০০-এর বেশি স্ট্রাইক রেটে ২৩২ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৭* এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন। পাকিস্তানের বিশ্বকাপ অভিযান সুপার এইটে থেমে গেলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল সাহেবজাদা ফারহান। ৭ ম্যাচে ৩৮৩ রান করে এক আসরে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটারও ফারহান। তিনিও আছেন টুর্নামেন্ট সেরা হবার দৌড়ে। সেমিফাইনালে বাদ পড়া ইংল্যান্ডের উইল জ্যাকস এবারের বিশ্বকাপে অলরাউন্ড নৈপুণ্য দেখান। ৮ ম্যাচে ২২৬ রানের পাশাপাশি ৯ উইকেট শিকার করেন তিনি। মিডল অর্ডারে দ্রুতগতিতে রান তোলা এবং অফ স্পিনে কার্যকরী ব্রেক-থ্রু এনে দিয়ে জ্যাকস চার ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জেতেন। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের সামনে থাকা নিউজিল্যান্ডের দুজন ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছেন। ওপেনার টিম সাইফার্ট ও অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ফাইনালে চমক দেখাতে পারলে এ পুরস্কার জিতে নিতে পারবেন। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৮ ম্যাচে ২৭৪ রান করেন সাইফার্ট। অন্যদিকে রাচিন রবীন্দ্র ১১ উইকেটের পাশাপাশি ১২৮ রান করেন। দক্ষিণ আফ্রিকা থেকেও তালিকায় দুইজন জায়গা পেয়েছেন। অধিনায়ক এইডেন মার্করাম ও পেসার লুঙ্গি এনগিডি আছেন সেরাদের সেরা হবার তালিকায়। মার্করাম ৮ ম্যাচে ২৮৬ রান করেন। আর ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে প্রোটিয়া পেস বোলিংয়ের নেতৃত্ব দেন এনগিডি। তালিকায় সবচেয়ে বড় চমক যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ফন শালউইক। তার দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও মাত্র ৪ ম্যাচে ১৩ উইকেট নিয়ে তিনি এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন। ভারতের বিপক্ষে ৪ উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে ২৫ রানে ৪ উইকেট নিয়ে তিনি বিশ্বমঞ্চে প্রতিভার প্রমাণ রাখেন। আইসিসি এখন দর্শকদের ভোটের আহ্বান জানিয়েছে। এই আটজনের মধ্য থেকেই চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন