সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার তালিকায় সাকিব

ফন্ট সাইজ:

আইসিসি’র ঐতিহাসিক রেটিং পয়েন্টের ভিত্তিতে সম্প্রতি টি-টোয়েন্টি ইতিহাসের সেরা ১০ অলরাউন্ডারের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের বিখ্যাত সাময়িকী ‘উইজডেন’। সেখানে বিশ্বের নামি-দামি তারকাদের পেছনে ফেলে চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

আইসিসি সাধারণত ব্যাটিং ও বোলিংয়ের পৃথক রেটিং গুন করে ১০০০ দিয়ে ভাগ করে অলরাউন্ডার পয়েন্ট নির্ধারণ করে। উইজডেনের পরিসংখ্যান বলছে, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজের সময় সাকিবের অলরাউন্ড রেটিং সর্বোচ্চ ৪২০ পয়েন্টে পৌঁছায়। দীর্ঘ সময় ধরে ক্রিকেটের তিন সংস্করণে রাজত্ব করা সাকিব টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায় ৪ নম্বরে জায়গা পেয়েছেন। টাইগার ক্রিকেটের এই বরপুত্র ছাড়া আর কোনো বাংলাদেশি এই শীর্ষ দশে জায়গা পাননি। উইজডেনের এই তালিকায় ভারতের হার্দিক পান্ডিয়া কিংবা ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টদের জায়গা হয়নি। ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে সপ্তম স্থানে আছেন সাবেক তারকা যুবরাজ সিং (৩৬৩ পয়েন্ট)। অন্যদিকে জিম্বাবুয়ের সিকান্দার রাজা ৩২৮ পয়েন্ট নিয়ে সেরা দশে জায়গা পেয়েছেন।
সাকিবের ঠিক ওপরেই ৪৩৭ পয়েন্ট নিয়ে তিনে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। দুই নম্বরে আছেন পাকিস্তানের আরেক অফস্পিন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ (৪৫২ পয়েন্ট)। তবে তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন যেন ধরাছোঁয়ার বাইরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি ৫০০-এর বেশি রেটিং পয়েন্ট অর্জন করেছেন।
২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর তার রেটিং ছিল সর্বোচ্চ ৫৬৬ পয়েন্ট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন