কক্সবাজারের উখিয়ায় রেজুখাল থেকে নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে কৌশিক বড়ুয়া বাঁধন (১৩) নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় বাসিন্দা পতন বড়ুয়ার ছেলে এবং পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
জানা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকে বাঁধনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ছেলের সন্ধানে তার বাবা উখিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। রাত ১০টার দিকে বাঁধনের এক বন্ধু জানায়, সন্ধ্যার দিকে তারা রেজুখালের মোহনায় একটি বরই গাছ থেকে বরই পেড়ে খাচ্ছিল। এ সময় বাঁধন খালের পাশে গেলে হঠাৎ করে পানিতে পড়ে যায় বলে সে দাবি করে। ভীতসন্ত্রস্ত হয়ে সে ঘটনাটি তাৎক্ষণিকভাবে কাউকে জানায়নি। এদিকে রাতে নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে খাল সংলগ্ন এলাকায় শত শত মানুষ জড়ো হন। স্থানীয়দের ভাষ্য, একপর্যায়ে খালের পানিতে ভাসমান অবস্থায় বাঁধনের শরীরের একটি অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় এক শিক্ষক বলেন, দুর্ঘটনাবশত খালে পড়ে মৃত্যু হতে পারে। তবে এ ঘটনাকে ঘিরে এলাকায় ‘অদৃশ্য শক্তি’ বা কুসংস্কারের নানা গুঞ্জন ছড়িয়েছে। যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নাও হতে পারে। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বের হওয়া প্রয়োজন। প্রথম সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। কীভাবে কিশোরটির মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বাঁধনের সঙ্গে থাকা বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
উখিয়ায় রেজুখাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
