বরিশালের গৌরনদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার কসবা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার নিউমার্কেটের এলিফ্যান্ট রোডের আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭) ও বরিশাল নগরীর বাসিন্দা মাইক্রোবাসচালক মো. রিপন। এছাড়াও মাইক্রোবাসের যাত্রী গুরুতর আহতরা হলেন- ঢাকার খিলক্ষেতের মো. মনিরুজ্জামান (৪০), মুরাদপুরের নুরুজ্জামান (৪২) ও বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দু’জন মারা যান। গুরুতর আহতদের বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত যান দু’টি জব্দ করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
