পঞ্চগড় জেলা শহরের নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী উদ্যোক্তা রেহেনা আক্তার। এ সময় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। শুক্রবার বিকালে পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, নিজের একমাত্র জীবিকার অবলম্বন প্রেসটি তালাবন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে কঠিন সংকটে পড়েছেন। এছাড়া প্রেসে কর্মরত কর্মচারীরাও মানবেতর দিন পার করছেন। জবর দখলকারীরা নানা মাধ্যমে হুমকি-ধমকি দিচ্ছে। রেহেনা জানান, ১৯৮০ সালে পঞ্চগড় বাজারের কদমতলা নামক স্থানে ৫ দশমিক ৬২ শতক জমিতে সিটি স্টিল নামক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তার স্বামী গোলাম রব্বানী বানী। ২০০৭ সালে ব্যবসা বদলে ওই স্থানেই নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস স্থাপন করে ব্যবসা করে আসছিলেন। ২০২১ সালে গোলাম রব্বানী বাণী মারা গেলে ব্যবসা প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন তার স্ত্রী রেহেনা। ২০২৫ সালের মার্চে নতুন করে ডিসিআর নিয়ে ব্যবসা করে আসছিলেন তিনি। কিন্তু গত ৩১শে জানুয়ারি তার স্বামীর ভাই ইকবাল কায়সার মিন্টুর স্ত্রী দিলো আফরোজ ও মেয়ে সুমাইয়া কায়সার ভাড়াটে লোকজন নিয়ে তার প্রেসটি তালাবদ্ধ করে দেয়। পরে বণিক সমিতির মধ্যস্থতায় এক সপ্তাহ পরে তা খুলে দেয়া হলেও গত ৫ই মার্চ আবারো লোকজন নিয়ে প্রেসটি জবরদখলের চেষ্টা করে তারা। একপর্যায়ে বণিক সমিতির লোকজন প্রেসটি তালাবদ্ধ করে দেয়। এতে দুই মেয়ে নিয়ে মানবিক সংকটে পড়েছেন ওই নারী উদ্যোক্তা। রেহেনা বলেন, আমার স্বামীর চার দশকেরও বেশি সময় ধরে এখানে ব্যবসা করে আসছেন। তিনি মারা যাওয়ার পরে আমরা এই প্রেসটি পরিচালনা করেই জীবিকা নির্বাহ করছি। আমাদের আয়ের আর কোনো পথ নেই। কিন্ত আমার স্বামীর ভাইয়ের স্ত্রী ও মেয়ে ভাড়াটে লোকজন নিয়ে বার বার আমার প্রেসে আক্রমণ করাসহ তালাবদ্ধ করে দিচ্ছে। আমাকে হুমকি ধামকি দিচ্ছে। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ওই প্রেসে মারামারির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি পক্ষ লিখিত অভিযোগ করেছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
পঞ্চগড় প্রিন্টিং প্রেস দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
