তাহিরপুরে মাদকবিরোধী মানববন্ধন

তাহিরপুরে মাদকবিরোধী মানববন্ধন

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মাদকের বিস্তার রোধে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর চারাগাঁও বাজারে তিনটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ২নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ মাদক সেবনের মধ্যদিয়ে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, যা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মানববন্ধনে তরুণ রাজনীতিক আনোয়ার হোসেন বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ সময় স্থানীয় শ্রমিক সংগঠনের নেতা নিজাম উদ্দীন বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানান তিনি। মানববন্ধনে উপস্থিত সচেতন মহল মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার করেন। উল্লেখ্য, মানববন্ধনের আয়োজনে ছিল চারাগাঁও ইসলামী যুব সংঘ, বাঁশতলা যুব সংঘ, আল-ইখওয়ান ইসলামি সমাজ কল্যাণ পরিষদ এবং ফ্রেন্ড সোসাইটি ক্লাব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন