সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর চরাঞ্চলের ভুট্টা ক্ষেতে অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ পাওয়া গেছে। সেই ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করছে কাজিপুর থানা পুলিশ। থানা সূত্র জানায়, শুক্রবার সকালে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চরছিন্না গ্রামে একটি ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে অজ্ঞাতনামা ৩৫ বছর বয়সের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। কিন্তু আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও ওই মরদেহ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি মানবজমিনকে জানান, এ সংক্রান্ত বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
