চিরিরবন্দরে বাম্পার ফলন হলেও আলুচাষিদের মাথায় হাত

চিরিরবন্দরে বাম্পার ফলন হলেও আলুচাষিদের মাথায় হাত

ফন্ট সাইজ:

দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে দামের ধসের কারণে আলুচাষিদের মাথায় হাত পড়েছে। উৎপাদন খরচ তুলতে না পেরে বিঘা প্রতি হাজার হাজার টাকা লোকসান গুনছেন চাষিরা। উৎপাদন খরচ ও সংরক্ষণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় আলুচাষিদের অবস্থা যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’-হয়ে দাঁড়িয়েছে। আক্ষেপে অনেক আলুচাষি জমি থেকে আলুই তুলছেন না। বর্তমানে প্রতিকেজি আলু ৬ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে। যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। এখন আলু উত্তোলন পুরোদমে শুরু হয়েছে। এবছর আলু উৎপাদনে খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বীজ, সার, সেচ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়েছে। এতে প্রতি হেক্টর জমিতে অতিরিক্ত ৪০ থেকে ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। গত বছর সরকারি বীজের কেজি ছিল ২৮ থেকে ৩০ টাকা, যা এ বছর বৃদ্ধি পেয়ে ৫০ থেকে ৬০ টাকা হয়। বেসরকারি বীজের দামও কেজিপ্রতি ৪০ থেকে বৃদ্ধি পেয়ে ৭০ থেকে ৮০ টাকায় পৌঁছে। এতে মাঠ পর্যায়ে আলুর উৎপাদন খরচ পড়েছে কেজিপ্রতি ১৮ থেকে ২০ টাকা। কিন্তু বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ৬ থেকে ৮ টাকা দরে। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবছর উপজেলায় ২ হাজার ৭শ’ ৩১ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ২ হাজার ৮শ’ ৮০ হেক্টর জমিতে। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় আলুর ফলন ভালো হয়েছে। অনেক ক্ষেত্রেই বিঘাপ্রতি ৮০ থেকে ৯০ মণ পর্যন্ত আলু উৎপাদন হয়েছে। তবে বাজারদর কমে যাওয়ায় এই ভালো ফলনও কৃষকের মুখে হাসি ফোটাতে পারেনি। বর্তমানে কেজিপ্রতি আলুর পাইকারি দাম ৬ থেকে ৮ টাকার মধ্যে। এতে উৎপাদন খরচ উঠছে না। বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ফলে বিঘাপ্রতি ৩০ থেকে ৪০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে বলে জানান চাষিরা। উপজেলার জগন্নাথপুর গ্রামের জফির উদ্দিন জানান, আমি এবছর সাড়ে ৩ বিঘা জমিতে আলু চাষ করেছি। প্রতিবিঘা জমিতে আলু উৎপাদন হয়েছে ৯০ থেকে ১০০ মণ। প্রতিবিঘা জমিতে আলু উৎপাদনে খরচ হয়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। বর্তমানে প্রতিবিঘা জমির আলু ১৮ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মজুরি বাদ দিলে হাতে কিছুই থাকছে না। কৃষক তারিকুল ইসলাম জানান, নিজস্ব আবাদী জমিসহ ১বিঘা জমি বন্ধক নিয়ে আলু চাষ করেছি। এক কেজি আলুর উৎপাদন খরচ ১৮ থেকে ২০ টাকা। স্টোর ভাড়া, শ্রমিকের মজুরি, পরিবহন খরচ দিয়ে কৃষকের পকেটে টাকা ঢোকা তো দূরের কথা, ঘর থেকে আরও টাকা দিতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন, বর্তমানে আলু কেনার ক্রেতাই নেই। আমরা কৃষকরা বরাবরই ‘বলির পাঁঠা’। কৃষকদের অভিযোগ-অতিরিক্ত সরবরাহ, চাহিদার ঘাটতি ও বাজারে সিন্ডিকেটের কারণে এই দরপতন হয়েছে। তাদের দাবি, সরকারিভাবে আলু রপ্তানি ও আলুভিত্তিক শিল্পকারখানা স্থাপন করা গেলে বাজারে স্থিতিশীলতা আসবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা জানান, জেলায় আলুভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা গেলে স্থানীয়ভাবে নতুন বাজার সৃষ্টি হবে ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এতে কৃষকেরা আলুর ন্যায্য মূল্য পাবেন এবং সরকারও রাজস্ব আয় করতে পারবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন