বগুড়ার ধুনট উপজেলায় মানসিক ভারসাম্যহীন নাতির লাঠির আঘাতে সঞ্জব আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সঞ্জব ওই গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। এসময় গ্রামবাসী মানসিক ভারসাম্যহীন ঘাতক সুলতান মাহমুদকে (৩৫) আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের ছেলে আব্দুল মোমিন বাদী হয়ে সুলতানের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে সুলতান মাহমুদকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। সুলতান গোবিন্দপুর গ্রামের হোসেন আলীর ছেলে। সে নিহত সঞ্জব আলীর প্রতিবেশী নাতি। জানা যায়, সুলতান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। পরিবার তাকে অনেক চিকিৎসা করেও সুস্থ করতে পারেনি। মাঝে মধ্যে পাগলামির মাত্রা বেড়ে গেলে পরিবারের লোকজন সুলতান মাহমুদকে শিকল বন্দি করে রাখে। আবার অনেক সময় স্বাভাবিক আচরণ করে। বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ তার পাগলামি বেড়ে যায়। এসময় সঞ্জব বাড়ি থেকে কৃষি কাজের উদ্দেশ্যে ফসলি মাঠের দিকে রওনা হন। পথিমধ্যে সুলতানের বাড়ির নিকট রাস্তায় পৌঁছে। তখন সুলতান মাহমুদ উত্তেজিত হয়ে লাঠি দিয়ে সঞ্জব আলীর মাথায় আঘাত করে। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় সঞ্জব আলী মারা গেছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, আসামি সুলতান মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে। তার পরিবারের দাবি, সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ধুনটে নাতির লাঠির আঘাতে বৃদ্ধ দাদা নিহত
ধুনট (বগুড়া) প্রতিনিধি
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
