সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথকস্থান থেকে ৪ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সাভারের বক্তারপুর এবং রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- সাভার থানার বক্তারপুরের মো. চঞ্চল মাহমুদ (৩২), একই এলাকার মো. মিজানুর রহমান বাঘা (৩৮), পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার মো. বিল্লাল হোসেন (৩২) এবং গোপালগঞ্জ জেলার সদর থানার মো. নিয়ামত মোল্লা (৬৫)। ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলামের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সাভারে চার মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
