গাজীপুরের মহাসড়কে বসন্তের রং যেন এক টুকরো জাপান

গাজীপুরের মহাসড়কে বসন্তের রং যেন এক টুকরো জাপান

ফন্ট সাইজ:

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজনে ফুটে উঠেছে অসংখ্য ফুল। রঙিন গাছের সারি রাঙিয়ে তুলেছে পুরো পথ। দূর থেকে দেখলে মনে হয়, ব্যস্ত মহাসড়কের মাঝেই যেন বসন্তের এক নান্দনিক বাগান। এটাকে এক টুকরো জাপান মনে করে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। সরজমিন দেখা গেছে, গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর থেকে হোতাপাড়া অংশে সড়ক বিভাজন জুড়ে সারি সারি ফুটেছে কয়েক রংয়ের রক্তকাঞ্চন ফুল। রঙিন রূপ নিয়েছে। ব্যস্ত মহাসড়কের মাঝেই বিস্তীর্ণ এলাকা জুড়ে যেন তৈরি হয়েছে ফুলের বাগান। বসন্তের আগমনে এই গাছগুলো ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে। ভাওয়াল বনাঞ্চলের বুক চিরে বয়ে চলা সড়কের দুই পাশে ব্যস্ত যানবাহন ছুটে চললেও মাঝখানের এই ফুলে ভরা গাছগুলো পথচারী ও যাত্রীদের নজর কেড়ে নিচ্ছে। অনেকেই ছবি তুলছেন, কেউ আবার কিছু সময় দাঁড়িয়ে উপভোগ করছেন এই রঙিন দৃশ্য। আর মুগ্ধ হচ্ছেন।
দর্শনার্থীরা বলছেন, এমন দৃশ্য আগে তারা আর কখনো দেখেননি। নানাভাবে তারা জাপান কিংবা কানাডার মতো উন্নত দেশের সড়কের যে চিত্র দেখেছেন, সেই চিত্রই যেন দেখতে পাচ্ছেন এখানে। আর তাইতো দূর-দূরান্ত থেকে নানা বয়সী লোকজন বিশেষ করে তরুণ-তরুণীরা দলে দলে সে উপভোগ করছেন সড়কের এই মনোমুগ্ধকর দৃশ্য। সড়কের এই অংশের মতো আরও সড়কে যেন সৌন্দর্য ফুটে তোলার উদ্যোগ নেয় সরকার। ব্যস্ত নগর জীবনের মাঝে এমন রঙিন প্রাকৃতিক সৌন্দর্য পথচলতি মানুষের মনে এনে দিচ্ছে স্বস্তি। বসন্তের এই সময়ে গাজীপুরের এই মহাসড়ক তাই হয়ে উঠেছে অনেকের কাছে নতুন আকর্ষণ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন