হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রমজান মাসে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) ও মিশুকের অবাধ চলাচলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। চলমান পরিস্থিতি সামাল দিতে একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে শহরের টমটম ও মিশুক নিয়ন্ত্রণের দাবি জানান ভুক্তভোগীরা। যদিও শায়েস্তাগঞ্জ পৌর কর্তৃপক্ষ বলছে, যানজট নিরসনে ইতিমধ্যে ট্রাফিক পুলিশের পাশাপাশি শহরের বিভিন্ন স্পটে স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দাউদনগর বাজার পয়েন্ট, নতুন সিএনজি স্ট্যান্ড মোড়, পয়েন্ট, বেবিস্ট্যান্ড পয়েন্ট, থানার মোড়, ড্রাইভার বাজার, বিভিন্ন পয়েন্টে নিয়ন্ত্রণহীনভাবে চলছে টমটম ও মিশুক। সড়কের মাঝখানে দাঁড়িয়ে উঠানো হচ্ছে যাত্রী। যে কারণে প্রতিটি পয়েন্টে লেগে থাকে দীর্ঘ যানজট। খোঁজ নিয়ে জানা গেছে, শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় যানজট এড়াতে প্রায় ১ হাজার ১০০ টমটমকে নিবন্ধনের আওতায় আনা হয়। এসব টমটমে নম্বর প্লেট দেয়া হয়। তবে শহরে বর্তমানে টমটম চলছে তিন গুণেরও বেশি, যা যানজটের অন্যতম কারণ। স্কুলশিক্ষার্থী দোহা আক্তার জানান, এমনিতেই ছোট একটা শহর শায়েস্তাগঞ্জ। এ শহরের রাস্তাঘাটও ছোট ছোট। এর মাঝে আবার মাত্রাতিরিক্ত ব্যাটারিচালিত ইজিবাইক ও মিশুক রয়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে চলাচলকারীদের।
ব্যবসায়ী ইকবাল আহমেদ জানান, দাউদনগর বাজার থেকে এক গাড়ি পণ্য আনতে আগে যেখানে ৫ মিনিট লাগতো, এখন আধা ঘণ্টায়ও হয় না। ফয়সল মিয়া জানান, শায়েস্তাগঞ্জ শহর এখন টমটমের নগরী। রাস্তাঘাট ও পাড়া-মহল্লার ভেতরেও এখন শুধু টমটম আর টমটম। মাত্রাতিরিক্ত টমটমই যানজট সৃষ্টি করছে। অবৈধ টমটম নিয়ন্ত্রণে কাজ চলছে। বিভিন্ন পয়েন্টে নিয়োগ দেয়া হয়েছে স্বেচ্ছাসেবক। কিছুদিনের মধ্যেই একটি মাস্টারপ্ল্যান তৈরি করে শহরের যানজট নিরসন করা হবে।
শায়েস্তাগঞ্জে রমজানেও যানজটে নাকাল সাধারণ মানুষ
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
