ছাতকে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন

ছাতকে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের ছাতকে হাওর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দরা। গত বৃহস্পতিবার দুপুরে ছাতক উপজেলার সিংচাপইড়, জাউয়াবাজার, দক্ষিণ খুরমা ইউনিয়নের চাউলির হাওর এলাকার বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে নেতৃবৃন্দরা জানান, অধিকাংশ বাঁধের কাজ প্রায় শেষ পর্যায়ে। ৮ নম্বর পিআইসিতে খণ্ড খণ্ড স্থানে বাঁধ নির্মাণ শেষ হলেও সেখানে জরুরি ভিত্তিতে ঘাস লাগানো প্রয়োজন। অন্যথায় বৃষ্টি হলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া, ওই পিআইসিতে কোনো সাইনবোর্ডও দেখা যায়নি। ১৮ নম্বর পিআইসির কাজ শেষ হলেও এখনো ঘাস লাগানো হয়নি। ২০ নম্বর পিআইসিতে সাইনবোর্ড রয়েছে এবং কাজও শেষ হয়েছে। তবে মাঝখানে কাজ সম্পন্ন হলেও পূর্ব এবং পশ্চিম পাশের কিছু অংশে এখনো মাটি ভরাট হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ওই অংশটি পিআইসির আওতার বাইরে রয়েছে। ১৫ নম্বর পিআইসির কাজ শেষ হয়েছে এবং সাইনবোর্ডও রয়েছে। তবে ঘাস লাগানোর কাজ এখনো বাকি রয়েছে। ২৪ নম্বর পিআইসির কাজও শেষ পর্যায়ে রয়েছে। তবে মাঝখানে কিছু অংশের কাজ এখনো চলমান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁধের কাজ প্রায় ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে। বাঁধের কাজ গত ২৮শে ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও নির্বাচনসহ বিভিন্ন কারণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে অসম্পূর্ণ কাজ যথাযথভাবে শেষ করার জন্য সরকারিভাবে আরও ১৫ দিন সময় বৃদ্ধি করা হয়েছে। পরিদর্শনকালে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক শাখার আহ্বায়ক দিলোয়ার হোসেন ও সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার বলেন, বাঁধের কাজ মোটামুটি শেষ এবং পর্যাপ্ত মাটি দেয়া হয়েছে। তবে কয়েকটি স্থানে ঘাস লাগানো হয়নি, কোথাও কোথাও মাটিতে ফাটল দেখা গেছে এবং কিছু জায়গায় মাটি অগোছালো রয়েছে। বিভিন্ন পিআইসি খণ্ড খণ্ড স্থান নিচু রয়েছে। অন্যান্য পিআইসিগুলোতে শিগগিরই জেলা কমিটির নেতৃবৃন্দসহ তারা পরিদর্শন করবেন। পরিদর্শনকালে সংগঠনের সিনিয়র সদস্য জামিল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন