গোপালগঞ্জের মুকসুদপুরে নিলু মুন্সীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কমলাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত নিলু মুন্সীর পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুর গ্রামের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে বক্তারা বলেন, নিলু মুন্সীকে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নিহতের ছেলে রবিন মুন্সী বলেন, বাবা কোনো রাজনীতি করে না। খুনিরা বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রসহ অতর্কিতভাবে আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় গত ২৭শে ফেব্রুয়ারি ৩৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বরং পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার না করে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। নিহতের স্ত্রী জোবায়দা বেগম বলেন- আমার স্বামী কোনো অপরাধ করেনি। যারা তাকে হত্যা করেছে, তাদের যেন কঠোর শাস্তি হয় এটাই আমার একমাত্র দাবি।
এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান বলেন-ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। উল্লেখ্য, গত ২৩শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে পূর্ব পরিকল্পিতভাবে উপজেলার কমলাপুর গ্রামের আনোয়ার হোসেন মুন্সীর বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এই ঘটনায় আনোয়ার মুন্সীর ছেলে নিলু মুন্সী গুরুতর আহত হলে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুকসুদপুরে নিলু মুন্সীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
৭ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
