সিংড়ায় গ্রামবাসীর হামলায় তিন পুলিশ সদস্য আহত

সিংড়ায় গ্রামবাসীর হামলায় তিন পুলিশ সদস্য আহত

ফন্ট সাইজ:

নাটোরের সিংড়ায় স্থানীয় গ্রামবাসীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলো- কনস্টেবল আশরাফুল ইসলাম (কালীগঞ্জ ফাঁড়ি), এসআই বিপ্লব কুমার রায় (কালীগঞ্জ ফাঁড়ি) এবং এসআই নেজাম ইসলাম (সিংড়া থানা)। আহতদের মধ্যে কনস্টেবল আশরাফুলকে নন্দীগ্রাম উপজেলার একটি হাসপাতালে ও দুইজন পুলিশকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৯) সরিষা মাড়াই করার একটি গাড়ি নিয়ে রাস্তা থেকে মাঠে নামার সময় দুর্ঘটনার শিকার হন। এ সময় গাড়িটি উল্টে গেলে সিয়াম গাড়ির নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নন্দীগ্রামের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, হাসপাতাল থেকে সরবরাহ করা মৃত্যুর কাগজপত্র থানায় জমা দিয়ে দাফন সম্পন্ন করার বিষয়ে পরামর্শ দেয়া হয়। এ সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হন। সিংড়া থানার ওসি আ.ব.ম আব্দুন নূর বলেনÑ এ ঘটনার মূল উস্কানিদাতাকে শনাক্তের কাজ চলমান ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন