৩ বাংলাদেশি কিশোরকে হস্তান্তর করলো আরাকান আর্মি

৩ বাংলাদেশি কিশোরকে হস্তান্তর করলো আরাকান আর্মি

ফন্ট সাইজ:

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক থাকা ৩ বাংলাদেশি কিশোরকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ১৪ই ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে এক কিশোরকে এবং ২৮শে ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়নের অধীন বালুখালী বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তসংলগ্ন বালুখালী নদীতে মাছ ধরতে গেলে আরও দু’জনকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। ফেরত আনা ব্যক্তিরা হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পশ্চিমপাড়া এলাকার মৃত মনজুর আলমের ছেলে মো. বাপ্পি (২৮), একই এলাকার ওসমান গনি রাব্বি (১৮) এবং টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে জনি মিয়া (২২)। বিজিবি জানায়, তাদের পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে তাদের ফেরত আনা সম্ভব হয়েছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন