পাকুন্দিয়ায় ‘গরু চোর’ সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে রমিজ উদ্দিন (৪০) নামে একজন গণপিটুনির শিকার হয়ে মারা গেছে। শুক্রবার ভোররাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে। নিহত রমিজ উপজেলার চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোররাত আনুমানিক ৩টার দিকে রমিজ একটি গরু নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় দিয়ে যাচ্ছিল। এ সময় নদের তীর রক্ষার ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের সন্দেহ হলে তারা তাকে আটক করেন। এ সময় ‘গরু চোর’ ধরা হয়েছে- এমন খবর পেয়ে স্থানীয়রা সেখানে জড়ো হয়ে রমিজকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চরফরাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, চোর সন্দেহে আটকের পর উত্তেজিত জনতার পিটুনিতে ওই ব্যক্তি মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। চুরির অভিযোগ থাকা গরুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তবে এখন পর্যন্ত গরুর প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন