যৌন নিপীড়নের অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে সহকর্মীর মামলা

যৌন নিপীড়নের অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে সহকর্মীর মামলা

ফন্ট সাইজ:

যৌন নিপীড়ন করার অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানীর নামে মামলা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত মঙ্গলবার বিকালে রাব্বানীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ নম্বর ধারায় মামলাটি দায়ের করেন। থানা কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে গত বুধবার মামলাটি আদালতে প্রেরণ করেছে। মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী নারী অভিযুক্ত রাব্বানী কর্তৃক পরিচালিত স্কাই বাংলা নেট অনলাইন নিউজ পোর্টালে জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২০২৫ সালের ৪ঠা জুলাই দুপুর ১২টায় অভিযুক্ত রাব্বানী অফিসিয়াল কাজের নামে কাগজপত্রসহ এই নারীকে চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার ০১ নম্বর রোডের ৩২৯ নম্বর বাসায় অবস্থিত স্কাই বাংলার অফিসে ডেকে পাঠায়। ভুক্তভোগী ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে স্কাই বাংলা অফিসে রাব্বানীর রুমে গেলে তাকে একা পেয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন চালায়। একপর্যায়ে ভুক্তভোগী নারী রাব্বানীর রুম থেকে বেরিয়ে আসে এবং স্কাই বাংলা থেকে চাকরি ছেড়ে দেন। পরবর্তীতে তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের নিকট রাব্বানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত অভিযোগ দাখিল করে বিষয়টি তার সহকর্মী ও বন্ধু-বান্ধবদের অবহিত করে। বিশ্ববিদ্যালয়ে অভিযোগ দাখিলের পর অভিযুক্ত রাব্বানী ভুক্তভোগী নারীকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। বিশ্ববিদ্যালয়ের নিকট কোনো প্রতিকার না পেয়ে আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের পরামর্শে তিনি রাব্বানীকে আসামি করে চন্দ্রিমা থানায় মামলাটি দায়ের করতে বাধ্য হোন। উল্লেখ্য, এই নারীসহ গোলাম রাব্বানী কর্তৃক যৌন হয়রানি ও নিপীড়নের শিকার ভুক্তভোগী শিক্ষার্থীরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রাস্টিজের চেয়ারম্যান, ইউজিসির চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও মাছরাঙ্গা টেলিভিশন থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ প্রদান করলেও রাব্বানীর বিরুদ্ধে কোনো সুষ্ঠু তদন্ত বা বিচার প্রক্রিয়া দৃশ্যমান হয়নি। এ কারণে গত সোমবার রাব্বানী কর্তৃক যৌন হয়রানি ও যৌন নিপীড়নের শিকার ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (আরটিজিএ) সকল সদস্যকে ই-মেইলের মাধ্যমে অভিযোগটি প্রেরণ করে। অভিযোগ অস্বীকার করে রাব্বানী বলেন- মামলায় তারা যে তারিখ উল্লেখ করেছে সেটি হলো- ২০২৫ সালের ৪ঠা জুলাই। আর মামলা করেছে গত মঙ্গলবার। এটি স্পষ্টভাবে যে, ষড়যন্ত্র তা বলার অপেক্ষা রাখে না। অথচ ২০২৪ সালের ৪ঠা জুলাই আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আমার শাশুড়িকে নিয়ে সিসিইউতে ছিলাম। ওইদিনের সিসিটিভি ফুটেজ খোঁজ নিলেই পাওয়া যাবে যে, আমি সেদিন ওখানে ছিলাম কিনা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন