ঢামেকে আনসারের তৎপরতায় প্রতারণা-চুরির অভিযোগে দু’জন আটক

ঢামেকে আনসারের তৎপরতায় প্রতারণা-চুরির অভিযোগে দু’জন আটক

ফন্ট সাইজ:

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রতারণা ও চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। এ সময় চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। জানা যায়, শুক্রবার দুপুরে দায়িত্ব পালনকালে আনসার সদস্যরা পৃথক অভিযানে তাদের আটক করেন। প্রথম ঘটনায় দুপুর ১টা ৫০ মিনিটে ঢামেকের ২ নম্বর (বাগান গেট) প্রবেশপথ এলাকা থেকে রনি আহাম্মদ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি স্বর্ণের বার সদৃশ পিতলের বার দেখিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। আটক রনি আহাম্মদের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জামতলা বাজার এলাকায়। তার বাবার নাম রুহুল আমিন।
অপর ঘটনায় একই দিন দুপুর ২টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে বেলাল মিয়া (২৫) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। বেলাল মিয়ার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরফ হাট মাস্টারপাড়া এলাকায়। তার বাবার নাম সাদেক মিয়া।
অভিযানে ডিউটিরত এপিসি মো. সুজাত মোল্লার নেতৃত্বে আনসার সদস্য ইমরান, আল আমিন ও সুজন অংশ নেন।পরে আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সম্পদের সুরক্ষায় আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। তাদের এমন তাৎক্ষণিক পদক্ষেপে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন