বিজেপি যখন পরিবর্তন যাত্রা শুরু করেছে, তখন কলকাতায় ধরণায় বসেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভোটারদের ন্যায্য অধিকারের দাবিতে এই ধরণা বলে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এসআইআর প্রক্রিয়া নিয়ে ধর্মতলার ধরণামঞ্চ থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষ নাম 'বিচারাধীন' রয়েছে। বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ তুলে শুক্রবার থেকে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ধরণায় বসেছেন মুখ্যমন্ত্রী। জেলাগুলি থেকে তৃণমূল কংগ্রেস বিধায়কেরা লোকজন নিয়ে উপস্থিত হয়েছেন মঞ্চে। শুধু তাই নয়, ধরণামঞ্চে হাজির হন কবীর সুমন, কবি জয় গোস্বামী, রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। যাদের নাম ভোটার তালিকায় মৃত বলা হয়েছে এবং হেনস্তার শিকার হয়েছেন তাদের অনেকেই হাজির ছিলেন মঞ্চে।
এসআইআর প্রক্রিয়ায় যেভাবে মানুষকে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদে প্রথম থেকেই সরব মমতা। এবার ভোটার তালিকা থেকে ৬৪ লক্ষ নাম বাদ পড়ায় মমতা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ধরনা শুরু করেছেন। ভোটার বাদের তালিকার শীর্ষে আছে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলা। শনিবারও ধরণা চলবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে অভিহিত করেছেন মমতা।
এদিকে গত কয়েক দিনে বামপন্থী দলগুলিও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছেন। সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, আরএসএস-বিজেপির পরিকল্পনামাফিক মানুষকে নির্যাতন করছে নির্বাচন কমিশন। সংখ্যালঘু, মতুয়া, নারী, প্রান্তিক মানুষকে আক্রমণের লক্ষ্য করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হয়েছে।
