মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়তে পারে- এই শঙ্কায় গতকাল থেকেই পাম্পে ভিড় করছেন যানবাহন মালিক ও চালকরা। শঙ্কা থেকে বাড়তি জ্বালানি নিতে রাজধানীর বিভিন্ন পাম্পে উপচেপড়া ভিড় দেখা গেছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে প্রত্যেকটি ফিলিং স্টেশন কতটুকু জ্বালানি সরবরাহ করতে পারবে, ভোক্তাদের মধ্যে কারা কতটুকু জ্বালানি সংগ্রহ করতে পারবেন- সেটি নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া ফিলিং স্টেশনগুলো ডিপো থেকে কী পরিমাণ জ্বালানি সংগ্রহ করতে পারবে সেটিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। শুক্রবার (৬ মার্চ) জ্বালানি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল ২ লিটার, প্রাইভেট কার ১০ লিটার, মাইক্রোবাস ২০-২৫ লিটার, পিকআপ ও লোকাল বাস ৭০-৮০ লিটার, দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ২০০-২২০ লিটার তেল কিনতে পারবে।
নির্দেশনায় জ্বালানি তেল সরবরাহ গ্রহণ/প্রদানের ক্ষেত্রে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- ১. ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল গ্রহণের সময় ভোক্তাকে আবশ্যিকভাবে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ প্রদান করতে হবে। ২. ফিলিং স্টেশন থেকে প্রতিবার জ্বালানি তেল গ্রহণের সময় পূর্ববর্তী ক্রয় রশিদ/বিল প্রদর্শন করতে হবে। ৩. ডিলাররা বরাদ্দ ও নির্দেশনা অনুযায়ী ক্রয় রশিদ গ্রহণ করে ভোক্তা প্রান্তে জ্বালানি তেল সরবরাহ করবে। ৪. ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেলের মজুত ও বিক্রয় সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ডিপোতে প্রদান করে জ্বালানি তেল উত্তোলন করবে। ৫. তেল বিপণন কোম্পানিগুলো ডিলারদের জ্বালানি তেল সরবরাহ দেওয়ার পূর্বে বর্তমান বরাদ্দের আলোকে মজুত ও বিক্রয় সংক্রান্ত তথ্য পর্যালোচনা করবে, কোনোভাবেই বরাদ্দের বেশি দেওয়া যাবে না।
ওদিকে সরকারের তরফে বলা হচ্ছে- এই মূহূর্তে জ্বালানির সংকট নেই। তবে পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সরবরাহ সাশ্রয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে সরজমিন একাধিক তেলের পাম্প ঘুরে চালক ও পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, তেলের সংকটে অনেক চালক গতকাল বেশি বেশি তেল কিনতে পারলেও আজ প্রয়োজনের অতিরিক্ত তেল পাচ্ছেন না। পাম্প কর্তৃপক্ষ বলছেন, গতকাল অনেকেই প্রয়োজনের অধিক তেল নিয়ে গেছেন। তাছাড়া তেলের সরবরাহ কমে গেছে। যতটুকু আছে, কম করে দেয়া হচ্ছে ভোক্তাদের।
মো. আনোয়ার হোসেন নামের একজন মোটরসাইকেল চালক বলেন, রাজারবাগ এলাকার একটি পাম্পে গিয়েছিলাম, তারা ১০০ টাকার বেশি তেল দিচ্ছে না। এটা কেমন নিয়ম! একশ’ টাকার বেশি তেল না দিলে, এই ১০০ টাকার তেল দিয়ে আমরা কতদূর যেতে পারি? এভাবে তেল নিয়ে টানাটানি হলে চলা যাচ্ছে না। ১শ’ টাকার তেল নিয়ে আমি বাসায় গিয়ে আবার পাম্পে আসতে হয়েছে তেল নিতে।

