মাঠের বাইরে তর্কের লড়াইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরজুড়ে সরব মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের ভবিষ্যদ্বাণী সত্যি হলে আরও আগেই দর্শক হয়ে থাকত হতো ভারতকে। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করে সূর্যকুমার যাদবরা। আমিরের মতে, ইংলিশ ফিল্ডাররা সহজ ক্যাচ ছাড়লে তিনি কীইবা করতে পারবেন।
নিজ দেশের টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে শুরু থেকেই নানা মন্তব্য করে আলোচনার থাকেন আমির। সুপার এইটের সময় ভারতকে শেষ চারে দেখছিলেন না তিনি। পরে আরও দুবার একই দাবি মন্তব্য করেন তিনি। এরপর সূর্যকুমাররা সেমিতে জায়গা করলে আমির মন্তব্য করেন, ফাইনাল অধরা রয়ে যাবে তাদের। শেষমেষ তাও সত্যি হয়নি। আগামী ৮ই মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
এখন আমির কী বলবেন, তা জানার কৌতূহল ছিল অনেকেরই। পাকিস্তানের ৩৩ বছর বয়সী পেসার এখন বলছেন, ক্যাচ ছাড়ার কারণেই মূলত ইংল্যান্ড হেরে গেছে। তিনি বলেন, ‘আমি তো ক্রিকেটীয় কথা বলি। এই ম্যাচে ভারত খুব ভালো খেলেছে এবং টুর্নামেন্টজুড়ে খেলে অবশেষে পরিপূর্ণ একটি ম্যাচ খেলতে পেরেছে। যেখানে কৃতিত্ব প্রাপ্য, সেখানে দিতেই হবে।’
নিজের ভবিষ্যদ্বাণী নিয়ে সন্তুষ্ট থাকা আমির আরও বলেন, ‘আমার ভবিষ্যদ্বাণী খুবই ভালো ছিল। তবে ক্যাচ ছেড়ে দিলে আমি কী করবো? এটি তো আমাদের হাতে নেই। এমন ফর্মে থাকা ব্যাটারের ক্যাচ ছেড়ে দিলে এরকম খেসারতই দিতে হয়।’
মূলত, আমির বলছেন ভারতের সঞ্জু স্যামসনের পাওয়া জীবনের কথা। ব্যক্তিগত ১৫ রানে হ্যারি ব্রুক মিড-অনে তার একটি সহজ ক্যাচ ছাড়েন। শেষ পর্যন্ত সেই স্যামসন থামেন ৪২ বলে ৮৯ রানের ইনিংসে। ম্যাচের পর এ বিষয়ে হতাশা প্রকাশ করেন ব্রুকও। ইংল্যান্ড অধিনায়কের মতে, ‘স্যামসনের ক্যাচ ছাড়াটা বড় ভুল’ হয়েছে।
