দীর্ঘদিনের উত্তেজনা কাটিয়ে অবশেষে কূটনৈতিক ও কনস্যুলার সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ ভেনেজুয়েলায় স্থিতিশীলতা রক্ষা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাজনৈতিক পুনর্মিলন ত্বরান্বিত করতে আমাদের যৌথ প্রচেষ্টাকে আরও সহজতর করবে। বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার জনগণকে একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়ার মাধ্যমে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দিকে এগিয়ে নিতেই ওয়াশিংটন এই উদ্যোগ নিয়েছে।
কয়েক মাসের চরম উত্তেজনার পর গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বর্বরোচিত কায়দায় দেশ থেকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এই ঘটনা ভেনেজুয়েলায় বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সূচনা করে এবং দেশটিতে ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। মাদুরোর পতনের পর রদ্রিগেজের অন্তর্বর্তী সরকার ওয়াশিংটনের সঙ্গে পুনরায় সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করলে দুই দেশের মধ্যে ধীরে ধীরে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়।
ভেনেজুয়েলা সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, সরকার পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা এবং সহযোগিতার ভিত্তিতে একটি নতুন গঠনমূলক সংলাপের দিকে এগিয়ে যেতে প্রস্তুত। বিবৃতিতে আরও বলা হয়, এই প্রক্রিয়াটি দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ইতিবাচক সম্পর্ক তৈরির নতুন সুযোগ খুলে দেবে বলে ভেনেজুয়েলা আত্মবিশ্বাসী।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক মিশন কার্যকর ছিল না। এখন পুনরায় দূতাবাস ও কনস্যুলার সেবা চালু করার মধ্য দিয়ে দেশ দুটির মধ্যকার শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করল।
কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে একমত যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৬ মার্চ (শুক্রবার), ২০২৬, ২ঃ০২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
