মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে চরম অস্থিরতা ছড়িয়ে পড়েছে। শুক্রবার এশিয়ার শেয়ার বাজারে গত ছয় বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন লক্ষ্য করা গেছে। অন্যদিকে, জ্বালানি তেলের বাজারে দেখা দিয়েছে বড় ধরনের উল্লম্ফন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেন যুদ্ধের পর তেলের বাজারে এমন রেকর্ড সাপ্তাহিক বৃদ্ধি আর দেখা যায়নি। চলতি সপ্তাহে তেলের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ। শুক্রবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার ব্যারেল প্রতি ৮৪.৭৩ ডলারে লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের তুলনায় ১৭ শতাংশ বেশি। অন্যদিকে মার্কিন ক্রুড তেলের দাম ১৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮০ ডলারে ঠেকেছে। মার্কিন সরকার তেলের দাম নিয়ন্ত্রণে ফিউচার মার্কেটে হস্তক্ষেপের কথা ভাবছে—এমন খবরে শুক্রবার দামে সামান্য সংশোধন এলেও সামগ্রিক ঊর্ধ্বগতি থামেনি।
এমএসসিআই এশিয়া-প্যাসিফিক সূচক চলতি সপ্তাহে ৬ শতাংশ নেমেছে, যা ২০২০ সালের মার্চের পর সবচেয়ে বড় পতন। জাপানের নিক্কেই সূচক ৫.৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ১০.৫ শতাংশ সাপ্তাহিক লোকসানের পথে রয়েছে। এমনকি উচ্চপ্রযুক্তির শেয়ারগুলোও বিনিয়োগকারীদের লোকসান ঠেকাতে বিক্রির চাপে পড়েছে।
পিজিআইএম ফিক্সড ইনকামের প্রধান বৈশ্বিক অর্থনীতিবিদ দালিপ সিং বলেন, বাজার এখন অত্যন্ত অনিশ্চিত তথ্যের ওপর ভিত্তি করে চলছে। যুদ্ধের ফলাফল অত্যন্ত ইতিবাচক বা চরম ধ্বংসাত্মক। উভয় দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অস্থিরতার এই সময়ে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে মার্কিন ডলারের দিকে ঝুঁকছেন। ফলে গত ১৬ মাসের মধ্যে ডলারের সর্বোচ্চ সাপ্তাহিক উত্থান ঘটেছে। ডলারের মান বাড়ায় এবং মার্কিন ট্রেজারি ইল্ড (সুদ) বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দাম ৩ শতাংশ কমেছে। শুক্রবার প্রতি আউন্স স্পট গোল্ড ৫ হাজার ১১৮.৭৯ ডলারে স্থিতিশীল থাকলেও সামগ্রিকভাবে তা পতনের মুখে রয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে পুনরায় মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিবর্তে তা আরও বাড়িয়ে দিতে পারে বলে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। ডলার শক্তিশালী হওয়ায় এবং জ্বালানি সংকট তৈরি হওয়ায় ইউরো ও ব্রিটিশ পাউন্ডের মানও ১ থেকে ১.৮ শতাংশ পর্যন্ত কমেছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ
শেয়ার বাজারে ধস, লাফিয়ে বাড়ছে তেলের দাম
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৬ মার্চ (শুক্রবার), ২০২৬, ১ঃ৫৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
