মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ইতিহাস এমনিতেই সুবিশাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অনবদ্য এক ইনিংসে সেই ইতিহাসের পাতায় আরও কয়েক পৃষ্ঠা যোগ করলেন জ্যাকব বেথেল। সতীর্থদের ব্যর্থতার দিন ব্যাট হাতে একাই লড়ে গেছেন এ ইংলিশ তরুণ। শেষ পর্যন্ত স্রেফ ৭ রানের আক্ষেপে পুড়তে হয় ইংল্যান্ডকে। তবে ম্যাচ হারলেও, অতিমানবীয় সেঞ্চুরিতে একের পর এক রেকর্ড গড়লেন বেথেল একাই।
ভারতের ২৫৩ রানের জবাবে ইংল্যান্ডের জয়ের আশা জিইয়ে রাখেন বেথেল। ইনিংসের শেষ ওভারে এ ২২ বছর বয়সী ব্যাটার ফিরে গেলে বাকি কাজ সম্পন্ন করতে পারেনি ইংল্যান্ড। তারা থামে ৭ উইকেটে ২৪৬ রানে। ৪৮ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলার পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েন বেথেল। স্রেফ ১৯ বলে ফিফটি পূরণ করে এ বাঁহাতি ব্যাটার স্পর্শ করেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের বিশ্বকাপের দ্রুততম অর্ধশতকের মাইলফলক। চলমান আসরে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই এই রেকর্ড গড়েন কিউই ব্যাটার। একইসঙ্গে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ইংলিশ ব্যাটারের দ্রুততম ফিফটিও এটি। বেথেল ভাঙেন এ টুর্নামেন্টেই উইল জ্যাকসের করা ইতালির বিপক্ষে ২১ বলের রেকর্ড।
বিধ্বংসী ইনিংসটি খেলার পথে ৪৫ বলে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান বেথেল। সীমিত সংস্করণের বিশ্বকাপে ইংলিশ ব্যাটারদের মধ্যে তার চেয়ে কম বলে সেঞ্চুরি হাঁকাতে পারেননি কেউ। চলতি আসরেই পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হ্যারি ব্রুকের ৫০ বলের সেঞ্চুরিটি ছিল আগের রেকর্ড। এই বিশ্বমঞ্চে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি আছে আর স্রেফ দু’জনের। ২০১৪তে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ বলে শতক পূরণ করেন অ্যালেক্স হেলস। সেই লঙ্কানদের সঙ্গেই ২০২১-এ ৬৭ বলে সেঞ্চুরি করেন জস বাটলার।
বেথেলের করা সেঞ্চুরি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। সেমি প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান ফিন অ্যালেন। এ কিউই ব্যাটারকে আরেকটি জায়গায় ছাড়ান বেথেল। তার ১০৫ রানের ইনিংসটি এখন বিশ্বকাপের নকআউট ইতিহাসের সর্বোচ্চ, যে কীর্তিটি আগের ম্যাচেই নিজের নামে লেখেন অ্যালেন (১০০*)।
এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এটিই ছিল বেথেলের প্রথম সেঞ্চুরি। অবিস্মরণীয় ইনিংসটি খেলার দিন পঞ্চম ওভারে যখন তিনি ক্রিজে যান, তখন ৩৮ রানে ২ উইকেট হারিয়ে তার দল ধুঁকছে। সেখান থেকে একাদশ ওভারে ফিফটি পূরণ করে ১৯তম ওভারে করেন সেঞ্চুরি। শেষ ওভারে আর্শদিপ সিংয়ের প্রথম বলে শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে থামেন তিনি।
বেথেলের এমন ইনিংসের প্রশংসা করতে গিয়ে অধিনায়ক ব্রুক তো ভবিষ্যদ্ববাণীই করে বসলেন, ‘একেবারে অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছে। আমার মনে হয় সে তার ক্যারিয়ারে অনেক বড় অঙ্কের টাকা উপার্জন করবে এবং ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত ক্যারিয়ার গড়বে। আজ রাতে সে বিশ্বকে দেখিয়েছে সে কতটা ভালো।’
